ভাটিয়ারীতে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর একটি মৌজাকে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) চ্যাপ্টার এলাকা (ভূমি অধিগ্রহণ) ঘোষণার প্রতিবাদে গতকাল রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। বিক্ষুব্ধ জনতা জীবন দিয়ে হলেও চ্যাপ্টার ঘোষণা প্রতিহত করার ঘোষণা দেয়।গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। এলাকাবাসীর আন্দোলনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংহতি প্রকাশ করেন।চ্যাপ্টার এলাকা ঘোষণার ব্যাপারে জানতে বিএমএর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আনিসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। মুঠোফোনে খুদেবার্তা পাঠালেও তিনি কোনো জবাব দেননি। বিএমএ অফিসের টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি অপারেটরের মাধ্যমে কোনো কথা বলবেন না বলে জানিয়ে আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) কিংবা সেনাসদর দপ্তরে যোগাযোগের পরামর্শ দেন।জানা গেছে, ভাটিয়ারী চ্যাপ্টার প্রতিরোধ কমিটির উদ্যোগে সকাল ১০টার দিকে সাতটি গ্রামের নারী-পুরুষ আলাদা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী বিজয় সরণি ডিগ্রি কলেজের সামনে জড়ো হয়। তারা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। জনতার প্রতিরোধের মুখে পুলিশও অসহায় হয়ে পড়ে। দুপুর ১২টার দিকে স্থানীয় ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আনোয়ার ও সাবেক চেয়ারম্যান মো. ইছহাক, উপজেলা বিএনপির সভাপতি ইসহাক কাদের চৌধুরী, আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিতে অনুরোধ করেন। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক থেকে সরে যায়।ভাটিয়ারী চ্যাপ্টার এলাকা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী শওকত ইকবাল বলেন, অবৈধভাবে বিএমএ চ্যাপ্টার এলাকা ঘোষণা করে জনগণের নাগরিক অধিকার হরণ করেছে। বৃহত্তর আন্দোলনের মাধ্যমে চ্যাপ্টার এলাকা ঘোষণা প্রতিরোধ করা হবে।সীতাকুণ্ড বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ হাসান জানান, চ্যাপ্টার ঘোষণার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা মহাসড়কের ভাটিয়ারী এলাকায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় তারা অবরোধ তুলে নেয়। সেনাবাহিনীর প্রশিক্ষণের প্রতিষ্ঠান বিএমএ স্থাপনের আগে ১৯৫৮ ও ১৯৭৫ সালে তিন দফায় ২৮২ একর জায়গা অধিগ্রহণ করা হয়। বিএমএ প্রতিষ্ঠার পর ১৯৮৪, ’৮৬ ও ’৯০ সালে দফায় দফায় আরও জায়গা হুকুম দখল করা হয়। বারবার হুকুম-দখলের ফলে ভাটিয়ারী এলাকার পূর্ব পাশ জঙ্গল ভাটিয়ারী মৌজা পুরোপুরি ও ভাটিয়ারী মৌজার অনেকাংশ বিএমএর আওতায় চলে যায়। এতে ভাটিয়ারী ইউনিয়নের অনেক লোককে ভিটা-বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে অন্যত্র চলে যেতে হয়েছে। নিঃস্ব এসব মানুষের অনেকে এখনো ভাড়া ঘরে বসবাস করছেন।বর্তমানে বিএমএ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশের সম্পূর্ণ এলাকা ‘চ্যাপ্টার এলাকা’ ঘোষণা করে অধিগ্রহণ করে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় সেনাবাহিনী জনগণের মতামত না নিয়ে একতরফা চ্যাপ্টার এলাকা ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এলাকাবাসীর পক্ষ থেকে হাইকোর্টে মামলা করা হলে পর পর তিনবার চ্যাপ্টার এলাকার কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেন হাইকোর্ট। এর পরও বিএমএ কর্তৃপক্ষ এই এলাকার মানুষের জমি বিক্রির সময় পাঁচ শতাংশ চ্যাপ্টার এলাকার কর আদায় করে। সেনাবাহিনী গত ফেব্রুয়ারিতে স্থগিতাদেশ প্রত্যাহারের লক্ষ্যে হাইকোর্টে আবেদন করলে আবার আন্দোলনে নামে এলাকাবাসী।