চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) চ্যাপ্টার (ভূমি অধিগ্রহণ) ঘোষণার ওপর হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি হবে ৪ আগস্ট। ওই আপিলে কী আদেশ আসে, তা নিয়ে উ ৎকণ্ঠার মধ্যে আছেন এলাকাবাসী।ভাটিয়ারীর পূর্ব দাশপাড়া গ্রামের বাসিন্দা হরেন্দ্র দাশ (৫৫) বলেন, ‘শুনেছি ৪ আগস্ট থেকে আমাদের বসতভিটা মিলিটারিদের হাতে চলে যাবে। তাদের কথামতো আমাদের চলতে হবে। এ সময় আমাদের পূর্বপুরুষের ভিটা ছেড়ে চলে যেতে হবে।’শুধু হরেন্দ্র দাশ নন, ওই এলাকার শত শত বাসিন্দার মধ্যে এখন এ ধরনের চাপা উ ৎকণ্ঠা বিরাজ করছে। ৪ আগস্ট কী হবে, তা নিয়ে চলছে কানাঘুষা। এলাকাবাসী যেকোনো মূল্যে তাঁদের ভূমি অধিগ্রহণ ঠেকাবেন।এলাকাবাসী অভিযোগ করেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএমএ কর্তৃপক্ষ একতরফা সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার দুটি ওয়ার্ডের কিছু অংশ চ্যাপ্টার এলাকা ঘোষণা করে। তাদের এ সিদ্ধান্তের বিরুদ্ধে এলাকাবাসী উচ্চ আদালতে রিট আবেদন করেন। আদালত পর পর তিনবার চ্যাপ্টার ঘোষণার ওপর স্থগিতাদেশ দেন।পরে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করে। আগামী ৪ আগস্ট তাদের আপিলের ওপর শুনানির দিন ধার্য রয়েছে।চ্যাপ্টার এলাকা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী শওকত ইকবাল জানান, বিএমএ কর্তৃপক্ষ চ্যাপ্টার এলাকা ঘোষণা করার ফলে ভাটিয়ারী ইউনিয়নের ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রায় ২৮২ একর ভূমি তাদের দখলে চলে যাবে। দুই ওয়ার্ডে প্রায় ১৫ হাজার বাসিন্দা রয়েছেন। চ্যাপ্টার এলাকা ঘোষণার ফলে এলাকার বাসিন্দাদের জমি বিক্রির সময় পাঁচ শতাংশ হারে কর আদায় করবে বিএমএ কর্তৃপক্ষ।চ্যাপ্টার এলাকা বাতিলের দাবিতে প্রথম কথা বলেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. মুছা আহমেদ। তিনি বলেন, ১৯৫৭-৫৮ সালে প্রথম এই এলাকার ৫২ একর ও ১৯৭৪-৭৫ সালে ৩০ একর জায়গা হুকুম-দখল (অধিগ্রহণ) করা হয়। বর্তমান বিএমএ প্রতিষ্ঠিত হলে আরও ২০০ একর জায়গা হুকুম-দখল করা হয়। পরে ১৯৮৪-৮৫ সালে ও ১৯৮৫-৮৬ সালে বিএমএ আরও বেশ কিছু জায়গা হুকুম-দখল করে। সর্বশেষ ১৯৮৯-৯০ সালে বেশ কিছু নতুন জায়গা হুকুম-দখল করা হয়।এলাকাবাসীর অভিযোগ, বারবার হুকুম-দখলের ফলে ভাটিয়ারী এলাকার জঙ্গল ভাটিয়ারী মৌজা পুরো বিএমএর আওতায় চলে যায়। ভাটিয়ারী ইউনিয়নের অনেক মানুষকে অন্যত্র চলে যেতে হয়েছে। অনেকে এখনো বসতবাড়ি করার জায়গা কিনতে পারেননি। তাঁদের ভাড়াঘরে থাকতে হচ্ছে।স্থানীয় সাংসদ এ বি এম আবুল কাসেম জানান, বিএমএ সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে, বসতভিটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার জন্য নয়। সংসদে বিষয়টি নিয়ে তিনি কথা বলবেন।ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আনোয়ার অভিযোগ করেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনাবাহিনী এলাকাবাসীর মতামত না নিয়ে একতরফা চ্যাপ্টার এলাকা ঘোষণা করে গেজেট প্রকাশ করে।গত রোববার চ্যাপ্টার এলাকা ঘোষণার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ভাটিয়ারী এলাকার শত শত মানুষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।