ভাত ও ভোটের অধিকারের কথা বলতেই সংসদে যাবে বিএনপি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভাত ও ভোটের অধিকার নিয়ে কথা বলতে জাতীয় সংসদে যাবে বিএনপি। সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিও জানাবে দলটি। আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিকেল চারটার দিকে সংসদ ভবনে এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বিএনপি সংসদে যোগ দেবে কি না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের যে দাবি জাতীয় সংসদে জানানোর প্রস্তাব করেছিলেন, তার জবাবে ফখরুল বলেন, বল এখন সরকারের কোর্টে। বিএনপি সংসদে সদস্যপদ রক্ষার জন্য যাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে ফখরুল জানান, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের অতীত অভিজ্ঞতা থেকে এই অভিযোগ করেছে। বিরোধী দলে থাকার সময় আওয়ামী লীগ সংসদে না গিয়ে সাংসদ হিসেবে সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করেছে। আইএসআইয়ের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ সম্পর্কে ফখরুল বলেন, আইএসআইয়ের কাছ থেকে অর্থ নেওয়া-সংক্রান্ত কোনো খবর পাকিস্তানের পত্রিকায় প্রকাশিত হয়নি। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। আজ নয়াপল্টনে অনুষ্ঠিত যৌথ সভায় ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে ২৫ মার্চ সাভারের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন। ২৬ মার্চ জাতীয় জাদুঘরে সকাল সাতটায় ফাতেহা ও দোয়া পাঠ করা হবে এবং একই দিন নয়টার দিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দোয়া পাঠ করা হবে। ২৭ মার্চ স্বাধীনতা দিবসের একটি শোভাযাত্র হবে। ২৮ মার্চ বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করবে। সভায় ২৯ মার্চের হরতাল সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া মেঘনায় লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করা হয়। ইউএনবি।