শুকনো মৌসুমে দিনমজুরি জোটে। কোনো রকমে দুটো খেয়ে বেঁচে থাকা যায়। কিন্তু বর্ষা মৌসুমে চারদিকে থইথই পানি। কাজ নেই। ঘরে চাল নেই। খেয়ে না- খেয়ে দিন কাটে।এটি এখন অতীত। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরপারের ইসমাইলচক গ্রামবাসীর সেই কষ্ট আর নেই। বাঁশের মোড়া তৈরি করে জয় করা হয়েছে অভাবকে। তারা বদলে দিয়েছে ভাগ্য। তাদের উন্নয়নের সঙ্গী হয়েছে পাশের আরও তিনটি গ্রামের মানুষ।যেভাবে শুরু: ১৯৭৯ সালের অকালবন্যায় জগন্নাথপুরের সব হাওরের ফসল তলিয়ে যায়। চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ইসমাইলচকসহ নলুয়ার হাওরপারের গ্রামগুলোতে দেখা দেয় অভাব-অনটন। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে গ্রামে সংঘর্ষে মৃত্যু হয় গুলজার মিয়া নামের একজনের। এ ঘটনায় মামলা হলে জমশেদ উল্লাহ, ইরশাদ উল্লাহসহ কয়েকজন লোকের বিভিন্ন মেয়াদে সাজা হয়। ঠাঁই হয় সিলেট কেন্দ্রীয় কারাগারে। সেখানে কারা কর্তৃপক্ষের সহযোগিতায় বাঁশ ও বেত দিয়ে মোড়া বানানোর কাজ শেখেন জমশেদ ও ইরশাদ। সাত বছর সাজা ভোগের পর গ্রামে এসে তাঁরা মোড়া বানানোর কাজ শুরু করেন।সেই জমশেদ ও ইরশাদ আজ বেঁচে নেই। ইরশাদের ছেলে নূর হোসেন বলেন, ‘বাবা হত্যা মামলার আসামি হওয়ায় জায়গা-জমি সব বিক্রি করে আমরা নিঃস্ব হয়ে পড়ি। পরে বাবা জেল থেকে বাড়ি ফিরে বলেন, “বাঁচতে হলে মোড়া বানানোর কাজ শিখতে হবে।” বাবার কথায় আমরা সবাই মোড়া বানানোর কাজ শিখি। বাবার উৎসাহে গ্রামের অন্যরাও এ কাজ শিখতে শুরু করে। এখন গ্রামের পাঁচ শতাধিক পরিবারের সবাই বাঁশ দিয়ে মোড়াসহ নানা উপকরণ বানিয়ে জীবিকা নির্বাহ করছে।’আর জমশেদের ছেলে বদিউজ্জামান বললেন, ‘জেল থেকে মুক্তি পাওয়ার পর বাবা প্রথমে কিছু মোড়া বানিয়ে সিলেট শহরের কুটিরশিল্পের দোকানে নিয়ে যান। পছন্দ হলে দোকানদার সব কিনে রাখেন এবং আরও মোড়ার জন্য ফরমায়েশ দেন। এর পর থেকে চলছে মোড়া বানানোর কাজ।’ছড়িয়ে পড়ে তিন গ্রামে: ইসমাইলচক গ্রামে মোড়া দিয়ে অভাব জয়ের খবর ছড়িয়ে পড়ে আশপাশের আরও তিন গ্রামে। স্বজনশ্রী, বাউধরন ও নয়া স্বজনশ্রী গ্রামের মানুষও বর্ষা মৌসুমে বেকারত্বে ভুগত। বাউধরন গ্রামের গোলাপ হোসেন বলেন, ‘ইসমাইলচক গ্রাম থেকে মোড়া বানানোর কাজ শিখে আমাদের গ্রামেও এ কাজ শুরু করি। এখন গ্রামের অধিকাংশ পরিবারের সবাই মোড়া বানানোর কাজ করে খুব ভালোভাবেই সংসার চালাচ্ছে।’একই রকম কথা বলেন স্বজনশ্রী গ্রামের স্বপ্না বেগম। তিনি বলেন, ‘বিয়ের পর স্বামীর বাড়ি এসে অভাব-অনটন দেখেছি। মোড়া বানানোর কাজ শেখার পর এখন সবাই মিলে তিন বেলা ভাত খেতে পারি।’মোড়া গ্রামে এক দিন: সম্প্রতি এক দিন নৌকায় করে ইসমাইলচক, বাউধরন, স্বজনশ্রী ও নয়া স্বজনশ্রী গ্রামে গিয়ে দেখা যায়, প্রায় প্রতিটি বাড়িতে চলছে বাঁশ-বেতের সামগ্রী বানানোর কাজ। মোড়া তৈরির জন্য কেউ বাঁশ কাটছিলেন। কেউ বাঁশের খিল বানাচ্ছিলেন। কেউ বেত বা বিভিন্ন রঙের প্লাস্টিকের বেত বুনছিলেন। মোড়া বানানোর পাশাপাশি অনেকে কুলা, ডালা, চাইন, চেয়ার টেবিল, আলনা বানিয়ে সাজিয়ে রাখছিলেন ঘরের আঙিনায়। প্রতিটি ঘরেই রয়েছে মোড়ার সমাহার।মোড়া বানানোর কাজের ফাঁকে ফাঁকে কথা হয় কারিগরদের সঙ্গে। জানালেন, বর্ষা মৌসুমে মোড়ার চাহিদা খুব বেশি। তাই এখন তাঁরা খুব ব্যস্ত। প্রবীণ কারিগর আবদুর রহিম (৭৮) বলেন, ‘একটি মোড়ার কাজ শেষ না হওয়া পর্যন্ত উঠতে মন চায় না। আমাদের এখন অন্য কোনো কাজ নেই। তাই দিনে একটি মোড়া বানিয়ে ফেলি।’যা প্রয়োজন: মোড়া বানাতে বাঁশ, বেত-প্লাস্টিকের বেত, সুতলি, আলপিন, সাইকেল বা মোটরসাইকেলের টায়ার লাগে। সিলেট শহর ও জগন্নাথপুর বাজার থেকে এসব উপকরণ কিনে আনেন কারিগরেরা। উৎপাদন খরচ কমাতে অনেকে বাড়িতেই বাঁশ লাগিয়েছেন।কারিগর আবদুর রহিম বলেন, মোড়া বানানোর জন্য প্রথমে বাঁশ পানিতে চুবানো হয়। ওই বাঁশ রোদে শুকানোর পর দা দিয়ে কেটে সরু খিল বানানো হয়। এসব খিলের গায়ে আগুনের ধোঁয়া লাগানো হয়, যাতে সহজে কোনো ধরনের পোকা নষ্ট করতে না পারে।মোড়া যায় লন্ডনেও: এসব মোড়া সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে। পাইকারি মোড়া ক্রেতা সিলেট দরগা রোডের মুন্নী কুটিরশিল্পের মালিক জাকির হোসেন বলেন, ‘জগন্নাথপুরের হাওর অঞ্চলের গ্রামগুলোর বানানো মোড়া অত্যন্ত টেকসই ও সৌন্দর্যময়। এসব মোড়ার চাহিদাও প্রচুর।’ইসমাইলচক গ্রামের প্রবীণ নেছাওর মিয়া জানালেন, ‘লন্ডন প্রবাসীদের কাছে এই মোড়া অত্যন্ত জনপ্রিয়। তাই জগন্নাথপুর, সিলেটসহ অনেকেই প্রবাসী আত্মীয়স্বজনের কাছে মোড়া পাঠিয়ে থাকেন।’দিনবদল: ইসমাইলচক গ্রামের রাতিক উল্লাহ মোড়া বানিয়ে ছনের ঘর থেকে একতলা পাকা বাড়ি বানিয়েছেন। পরিবারের আট সদস্যের ভরণপোষণের পরও গত বছর ছয় লাখ টাকা ব্যয়ে পাকা বাড়ি করেছেন ওই গ্রামের ময়না মিয়া। ময়না বলেন, ‘আগে মাটির ঘরে সবাইকে নিয়ে কষ্টে থাকতে হতো।’ ইসমাইলচক গ্রামের নজরুল ইসলাম বলেন, ভিটেমাটি ছাড়া তাঁর বাপ-দাদার কোনো জমি ছিল না। মোড়া বেচে ৪০ হাজার টাকা দিয়ে দুই কেদার (এক কেদারে ৩০ শতাংশ) বোরো ধানের জমি কিনেছেন।নয়া স্বজনশ্রী গ্রামের লেবু মিয়া মোড়া বানানোর লাভের টাকা দিয়ে হালচাষের জন্য একটি গরু কিনেছেন।চার গ্রামের অসংখ্য পরিবার এভাবে বদলেছে তাদের ভাগ্য।কমেছে লাভ: মোড়ার কারিগরেরা জানালেন, গ্রামাঞ্চল থেকে বেতশিল্প হারিয়ে যাওয়ায় এখন তাঁদের প্লাস্টিকের বেত কিনে আনতে হয়। এ ছাড়া বাঁশের দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়ে গেছে। বর্তমানে একটি মাঝারি সাইজের মোড়া বানাতে খরচ হয় ২৫০ থেকে ৩০০ টাকা। পরিবহন খরচ বাদে এসব মোড়া বিক্রি হয় ৫০০ টাকায়। এতে মোড়াপ্রতি ২০০ টাকা লাভ হয়। বড় মোড়া বানাতে ব্যয় হয় ৫০০ টাকা। পাইকারি বিক্রি হয় ৮০০ টাকায়। বর্ষা মৌসুমে এসব মোড়া নৌকায় করে উপজেলা সদরে এনে বাস বা ট্রাকে করে পাইকারি ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া হয়। কিন্তু শুকনো মৌসুমে যানবাহন চলাচলের উপযোগী রাস্তাঘাট না থাকায় মোড়া পরিবহনের খরচ বেড়ে যায়।মোড়ার কারিগর লেবু মিয়া বলেন, ‘উপকরণের দাম বাড়ায় লাভ কমে গেছে। উপকরণ কিনতে অনেক সময় মহাজনের কাছে চড়া সুদে টাকা আনতে হয়। কঠোর পরিশ্রম করে যে লাভ হয়, তা চলে যায় মহাজনের পকেটে।’ প্রয়োজন সহযোগিতা: ইসমাইলচক কুটিরশিল্প সমবায় সমিতির সভাপতি শিশু মিয়া বলেন, ‘অনুন্নত যোগাযোগব্যবস্থা ও উপকরণের মূল্যবৃদ্ধির কারণে মোড়াশিল্পের কারিগরেরা খুব ভালো নেই। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে আর্থিক সহযোগিতা পেলে এ কুটিরশিল্প উপজেলাজুড়ে ছড়িয়ে যেত। কিন্তু কেউ আমাদের খবর নেয় না।’চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরশ মিয়া বলেন, ‘নলুয়ার হাওরবেষ্টিত যোগাযোগবিচ্ছিন্ন অবহেলিত এ ইউনিয়নের চার গ্রামের মানুষ বাঁশ-বেতের সদ্ব্যবহার করে অভাব দূর করেছে। সরকারি ব্যাংকগুলো সহজ শর্তে স্বল্প সুদে ঋণ দিলে এটি ছোটখাটো শিল্পে পরিণত হবে।’