ভাদ্র এসেছে শরৎ আসেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্জিকায় ভাদ্র মাস এসে গেছে, অতএব এই নগরে এখন শরত্কাল। কিন্তু এই ঢাকায় কবেই বা কোন ঋতু পঞ্জিকা দেখে দিনক্ষণ গুনে তারপর এসেছে? ঢাকায় এখন দেখতে পাচ্ছি, ভাদ্র এসেছে, শরৎ আসেনি। এই লেখাটা যখন লিখছি, তখন ঢাকার আকাশে গগনচুম্বী ভবনের গায়ে উপুড় হয়ে আছে ঘন কালো মেঘ। আজ বুঝি বৃষ্টি হবে। অথচ শ্রাবণ মাসে এ বছর বৃষ্টি হলো কম!শরৎ মানেই এই রোদ, এই বৃষ্টি। ‘মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি...’। সেই শরতের মতো শরত এখনো আসেনি। এখনো ঢাকায় এটা বিলম্বিত বর্ষাকাল।তবু শরৎ আসবেই। ধানমন্ডি লেকের ধারে, সুধা সদনের খুব কাছে, পায়ে চলা পথ দিয়ে হাঁটতে গিয়ে ভোরবেলাকার স্বাস্থ্যসন্ধানীরা নাকে পাবেন শিউলি ফুলের ঘ্রাণ। দ্রুত পথ চলতে গিয়ে একবার থেমে পথ থেকে কুড়িয়ে নিতে পারেন দুটি শিউলি ফুলও। আর বেড়িবাঁধের সড়ক ধরে, মিরপুর থেকে আশুলিয়া যাওয়ার পথে একদিন হঠাৎ করে চোখে পড়বে কাশফুল। আকাশে সাদা মেঘ, দূরে জলাশয়ের মধ্যে মধ্যে এই রাশি রাশি সাদার বিস্তার দেখে মনটা বিভোরও হয়ে যেতে পারে। ভাদ্রর চেয়ে আশ্বিনেই শরতের চরিত্র-লক্ষণ বেশি স্পষ্ট। ভাদ্র আসলে বিখ্যাত তালপাকা গরমের জন্য। বাতাসে আর্দ্রতা, তার ওপরে লোডশেডিংয়ের অত্যাচার, তাল তো তাল, তালপাখা হাতে এখন নিজেরই সেদ্ধ হওয়ার জোগাড়।তারপর একদিন বিকেলবেলা রমনার পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ চোখে পড়বে রোদের রং হলুদ, বাতাসে শীতের গন্ধ, চামড়ায় শুষ্কতার টান, পুজোর মাদল বাজছে কোথাও। কোজাগরী পূর্ণিমার আলোয় এক লোডশেডিংয়ের রাতে অভূতপূর্ব মনে হবে এই ঢাকা শহরকে।সকালবেলার রোদটাকে মনে হবে চনমনে। বর্ষার জলে ধোয়া গাছগাছালির পাতাগুলোকে মনে হবে অনেক সবুজ। আর ঘরবাড়িগুলোকে মনে হবে শুকোনোর জন্য কে তাদের মেলে দিল রোদে? কারুকার্যখচিত রিকশার ঘণ্টিগুলোয় যেন রোদ্দুরে ঝিকমিক করছে। আর আকাশে উড়ছে একটা গগনচিল।তার দিকে তাকিয়ে একবার বলে উঠব—‘মনে হয় তুমি যেন ওই পাখি—তুমি ছাড়া সময়ের এ উদ্ভাবনেআমার এমন কাছে—আশ্বিনের এত বড়ো অকূল আকাশেআর কাকে পাব এই সহজ গভীর অনায়াসে—’...(তুমি, জীবনানন্দ দাশ)