একজনের জেল, আরেকজনের জরিমানা ও একটি জাল ভোট—এ তিনটি ঘটনা ছাড়া পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সাতটি ইউনিয়নে ভোট গ্রহণ ছিল শান্তিপূর্ণ। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনে প্রশাসন ছিল বেশ তৎপর। স্থানীয় প্রশাসন সূত্র জানায়, তেলিখালী ইউনিয়নের ৯ নম্বর হরিণপাল নেছারিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে জামালউদ্দিন নামের একজন এজেন্টকে আচরণবিধি ভঙ্গের দায়ে ছয় মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল আযাদ। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। থানা সূত্র আরও জানায়, ধাওয়া ইউনিয়নের রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আচরণবিধি ভঙ্গের দায়ে মইনুল হোসেন নামের একজনের দুই হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিভিন্ন কেন্দ্রে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষ হয়। অধিকাংশ কেন্দ্রে দুপুর ১২টার মধ্যেই ৫০ শতাংশের বেশি ভোট পড়ে। ইকরি ইউনিয়নের নেছারিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে জানা গেছে, সেখানে এক হাজার ৩৮২ ভোটের মধ্যে প্রায় এক হাজার ভোট গ্রহণ করা হয়েছে দুপুর দেড়টার মধ্যেই। নদমুলা শিয়ালকাঠি ইউনিয়নের হেতালিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক হাজার ২৭৬ ভোটের মধ্যে ৯৪২ ভোট নেওয়া হয় বেলা দুইটা পর্যন্ত। ইকরি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল হাই হাওলাদারের নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত আমিনুল ইসলাম বলেন, ‘এমন শান্তিপূর্ণ নির্বাচন গত এক যুগে দেখিনি।’পিরোজপুরের অন্যান্য উপজেলার তুলনায় গতকাল ভান্ডারিয়ায় আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের অনেক বেশি তৎপরতা দেখা গেছে। ইকরি ইউনিয়নের বিপিএম দাখিল মাদ্রাসা কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক ফারুক আহম্মদ জানান, বেশির ভাগ ইউনিয়ন নদী ও খালের তীরবর্তী হওয়ায় প্রশাসন ভান্ডারিয়ার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত জনবল নিয়োগ করেছে। ইকরি ইউনিয়নের তালা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী তানভীর হোসেন এই প্রতিবেদকের কাছে অভিযোগ করেন, ইউনিয়নের দুই নম্বর কেন্দ্র থেকে প্রতিপক্ষ তাঁর এজেন্টদের বের করে দিয়েছে। তবে সঙ্গে সঙ্গে দুই নম্বর কেন্দ্রে গিয়ে তাঁর অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে ভান্ডারিয়া সদর ইউনিয়নের ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়ার ঘটনা ঘটেছে। শেফালি বেগম (ভোটার নম্বর: ৮২৩) এই কেন্দ্রে ভোট দিতে এসে দেখেন, কে বা কারা তাঁর ভোটটি দিয়ে ফেলেছেন। তিনি প্রতিবেদকের কাছে অভিযোগ করেন, ‘ভোট দেতে আইয়া দেহি মোর ভোটটা দেওয়া অইয়া গ্যাছে। কেডা এই কামডা হরলে।’্রএ বিষয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আনিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘অধিকাংশ নারী ভোটারই বোরকা পরে আসেন। মুখ ঢাকা থাকে। যে কারণে চেহারা দেখা যায় না। সেই সুযোগে কেউ একজন শেফালী বেগমের ভোটটি দিয়ে চলে গেছেন।’ প্রিসাইডিং কর্মকর্তা ভোটার তালিকার ছবির সঙ্গে ভোটারের চেহারা মিলিয়ে ভোট নিতে কেন্দ্রের ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্দেশ দেন। ভান্ডারিয়া উপজেলার যে সাতটি ইউনিয়নে নির্বাচন হয়েছে সেগুলো হলো—সদর ইউনিয়ন, ধাওয়া, নদমুলা শিয়ালকাঠি, তেলিখালী, ইকরি, গৌরীপুর ও ভিটাবাড়িয়া।