ভান্ডারিয়ায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আখতারুজ্জামানকে (৫৩) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে পূর্ব ভান্ডারিয়া এলাকার ভান্ডারিয়া-শ্রীপুর সড়কে এ ঘটনা ঘটে।নিহত আখতারুজ্জামান জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক। তাঁর মৃত্যুতে জেপি চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাক-এর সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।ভান্ডারিয়ার গৌরীপুর ইউনিয়নের মাটিভাঙ্গা এলাকার রনজিৎ চৌকিদার জানান, মাটিভাঙ্গা গ্রামে দুস্থ গোষ্ঠীর উন্নয়নের (ভিজিডি) কার্ডের তালিকা তৈরির জন্য চেয়ারম্যান আখতারুজ্জামান সকালে গৌরীপুরের শ্রীপুর গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। তাঁর সঙ্গে ছিলেন মোটরসাইকেলচালক সবুজ মিয়া ও মো. জাহিদ। পূর্ব ভান্ডারিয়া এলাকায় সন্ত্রাসীরা মোটরসাইকেলের গতিরোধ করে আখতারুজ্জামানকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। তাঁকে রেখে পালিয়ে যান সবুজ ও জাহিদ। পরে স্থানীয় লোকজন তাঁকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা আখতারুজ্জামানকে মৃত ঘোষণা করেন। নিহত আখতারুজ্জামানের স্ত্রী জেসমিন আক্তার ঢাকায় একটি বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক। একমাত্র মেয়ে কানাডায় পড়াশোনা করছেন।ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, ‘হত্যাকাণ্ডে দা ও চাপাতি ব্যবহার করা হয়েছে। আখতারুজ্জামানের মোটরসাইকেল আরোহী সবুজ মিয়া ও মো. জাহিদকে আটক করে থানায় আনা হয়েছে। তাঁদের অক্ষত অবস্থায় পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ চলছে।’গতকাল শ্রীপুর গ্রামে নিহত আখতারুজ্জামানের বাড়িতে গিয়ে দেখা যায়, লোকজনের ভিড়। তাঁর মা মোমেনা খাতুন নির্বাক। হত্যাকাণ্ডের খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগদলীয় সাংসদ অধ্যক্ষ শাহ আলম তাঁর বাড়িতে যান।বেলা তিনটার দিকে শ্রীপুর ডাক্তার হাটবাজারে গেলে দেখা যায়, দোকানপাট বন্ধ। গৌরীপুর ইউপি সদস্য ও ব্যবসায়ী ফাইজুল হক বলেন, ‘আখতারুজ্জামান হত্যার প্রতিবাদে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছি। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’পূর্ব ভান্ডারিয়া এলাকার ব্যবসায়ী আনোয়ার আকন বলেন, এলাকায় তাঁর (আখতারুজ্জামান) অনেক শত্রু। হয়তো তারাই তাঁকে হত্যা করেছে।জাসদ-ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সদস্য আহসানুল কবির বলেন, ১৯৮৪ থেকে ১৯৮৬ সালের দিকে আখতারুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন।গৌরীপুর গ্রামের বাসিন্দা ফজলুল হক বলেন, আখতারুজ্জামান গৌরীপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) চারবার চেয়ারম্যান নির্বাচিত হন। গত ইউপি নির্বাচনের কিছুদিন আগে তিনি র‌্যাবের হাতে আটক হন এবং কারাগারে বসে নির্বাচন করে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।এর আগে ১৯৯৫ সালের ১ ডিসেম্বর ইউনিয়নের পৈকখালী বাজারে সন্ত্রাসীরা প্রকাশ্যে গৌরীপুর ইউপির চেয়ারম্যান মজিবুল হক তোতা তালুকদার, তাঁর ছেলে শাহিন তালুকদার ও এক পথচারীকে কুপিয়ে হত্যা করে। এর কয়েক বছর পর মজিবুল হকের আরেক ছেলে আবু তালুকদারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।