ভাব প্রকাশের অধিকার ও ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক। সামাজিক যোগাযোগের জনপ্রিয়তম ওয়েবসাইট হিসেবে এটা এখন বিশ্বস্বীকৃত। বাংলাদেশেই এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় নয় লাখ। আচমকা এক সিদ্ধান্তে বাংলাদেশ সরকার ২৯ মে সেই বহুল জনপ্রিয় ‘ফেসবুক’ বন্ধ করে দিয়েছিল। বাংলাদেশের ব্যস্ত, যান্ত্রিক, আত্মকেন্দ্রিক ও একঘেয়ে নাগরিক জীবনের উদ্ধারহীন যন্ত্রণায় ফেসবুকের আগমন ছিল এক মোক্ষম মুক্তির মতো। সরকারের সিদ্ধান্তে সে মুক্তি কিছুদিন কারারুদ্ধ ছিল। এ ক্ষেত্রে সরকারের প্রকাশিত যুক্তি ছিল, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে, এমন ব্যঙ্গচিত্রের প্রচার ও প্রকাশ রোধ। আর অপ্রকাশিত যুক্তি ছিল দুই নেত্রীর ব্যঙ্গচিত্রের প্রচার ও প্রকাশ রোধ। সংবিধানের ৪১(১)(ক) অনুচ্ছেদে যে স্বধর্ম প্রচারের অধিকারের কথা বলা হয়েছে, ফেসবুক এখন সে অধিকার ভোগেরই সবচেয়ে কাঙ্ক্ষিত মাধ্যম।আর রাজনৈতিক নেতাদের সমালোচনা বা ব্যঙ্গচিত্রের প্রচার-প্রকাশ একটি প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সংস্কৃতি।বিশ্বের সব সভ্য দেশেই এর ‘চল’ আছে। এমনকি হেক্টর বনাম এ জি অব অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা [১৯৯০] [২ অল ই আর ১০৩, ১০৬] মামলায় আদালত বলেছেন, ‘একটি মুক্ত গণতান্ত্রিক সমাজে, জনপ্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিমাত্রই সমালোচনার পাত্র। এ সমালোচনা দমনের চেষ্টা রাজনৈতিক দুর্বৃত্তায়ন ছাড়া কিছুই নয়। সেটা খুবই ঘৃণ্য এবং বিশ্বাসঘাতকতাপূর্ণ একটা কাজ।’সংবিধানে ৩৯(১) অনুচ্ছেদে প্রত্যেক নাগরিককে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং ৩৯(২) অনুচ্ছেদে বাক্ ও ভাব প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে। আদিকাল থেকেই এ অধিকারগুলো মানুষের মৌলিক অধিকার ও সর্বজনীন মানবাধিকার হিসেবে স্বীকৃত। চিন্তার স্বাধীনতা বিষয়ে সাবেক প্রধান বিচারপতি এফ কে এম মুনেম তাঁর Rights of Citizen under the Constitution and Law গ্রন্থে বলেছেন, ‘প্রকাশ বাধামুক্ত না হলে চিন্তার স্বাধীনতা অর্থহীন।’ অন্যদিকে ‘ভাব প্রকাশের স্বাধীনতা’ বিষয়টি বহুধাবিস্তৃত। প্রকাশমাধ্যম হিসেবে এখানে ধ্বনি, লেখনী, চিত্র, অভিনয়, ভঙ্গিমা, ব্যানার, ফেস্টুন অথবা এ শ্রেণীর অন্য যেকোনো মাধ্যম আসতে পারে। ভাব প্রকাশের মধ্যে আবার ভাব প্রচারও অন্তর্ভুক্ত, যা কিনা ফেসবুক ব্যবহারকারীরা হরদম করছে।৩৯ অনুচ্ছেদে বর্ণিত স্বাধীনতার সঙ্গে নাগরিকদের ‘যোগাযোগের স্বাধীনতা’ও অন্তর্ভুক্ত। যোগাযোগের অধিকার বলতে প্রিন্ট, ইলেকট্রনিক বা অডিও ভিজুয়ালের যেকোনো মাধ্যমে যোগাযোগ বোঝায় (সেক্রেটারি মিনিস্ট্রি অব আই অ্যান্ড বি বনাম ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল; এ আই আর, ১৯৯৫, সুপ্রিম কোর্ট, ১২৩৬)। ফেসবুক সাময়িকভাবে বন্ধ থাকায় যোগাযোগের এ সময়ের সবচেয়ে আকর্ষণীয় মাধ্যমটি বন্ধ হয়ে গিয়েছিল কিছুদিন, যা দ্ব্যর্থহীনভাবে ৩৯ অনুচ্ছেদের লঙ্ঘন। তবে রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা, নৈতিকতা, আদালত অবমাননা, মানহানি, অপরাধ সংঘটনে প্ররোচনা রোধ প্রভৃতি স্বার্থে সরকার, বাক্ ও ভাব প্রকাশের স্বাধীনতা ভোগের ওপর আইন প্রণয়নের মাধ্যমে বিধিনিষেধ আরোপ করতে পারে, কিন্তু সেটা অবশ্যই যুক্তিসংগত হতে হবে। যে যুক্তিতে এবং যে প্রক্রিয়ায় ফেসবুক বন্ধ করা হয়েছিল, তা আইনসিদ্ধ কিংবা যুক্তিসংগত তো নয়ই; এটি এককথায় ‘কানের ব্যথায় কান কেটে ফেলা’। বাংলাদেশের মতো একই যুক্তিতে ১৯ মে পাকিস্তান সরকারও সে দেশে ফেসবুক বন্ধ করে দেয়। ৩১ মে পাকিস্তানের লাহোর হাইকোর্ট এক আদেশে সরকারকে ফেসবুক পুনরায় চালুর নির্দেশ দিয়ে বলেন, ‘আমরা তথ্যপ্রাপ্তির অধিকার থেকে জনগণকে বঞ্চিত করতে চাই না।’ বাংলাদেশ সরকারেরও অবশেষে বোধোদয় হলো। জনগণের ভাব প্রকাশের অধিকারের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশ সরকারও গত শনিবারপুনরায় চালু করল ফেসবুক।ই-মেইল: [email protected]