ভাবতেই পারছি না জগজিৎ সিং আর নেই: সমরজিৎ রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গজলসম্রাট জগজিৎ সিং আর আমাদের মধ্যে নেই। তিনি আজ সোমবার সকাল আটটা ১০ মিনিটে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে মস্তিষ্কের রক্তক্ষরণে মারা গেছেন । বিশ্ব হারাল গজলের সবচেয়ে বড় সম্রাটকে। আমার সঙ্গে তাঁর পরিচয় প্রায় চার বছর আগে। দিল্লির বিজ্ঞান ভবনে সরকারি একটি অনুষ্ঠানে গাইতে এসেছিলেন। আমিও গাইতে গিয়েছিলাম গান্ধর্ব কয়্যারের সদস্য হিসেবে একই অনুষ্ঠানে। ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতে আমরা গাইলাম। সব শেষে গাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু দুঃখের বিষয় হলো, প্রধানমন্ত্রী হল ত্যাগ করার সঙ্গে সঙ্গে জগজিৎ সিংয়ের গান না শুনেই বেশির ভাগ দর্শক উঠে চলে গেলেন। এতে জগজিৎ সিং খুবই কষ্ট পেয়েছিলেন। রাগ করে আর সেদিন কোনো গান করেননি তিনি। সেদিনই তাঁর সঙ্গে আমার প্রথম আলাপ। এরপর আরও কয়েকটি অনুষ্ঠানে তাঁর সঙ্গে অংশ নিতে পেরেছি। পরে ২০১০ সালে আমার হিন্দি অ্যালবাম ‘তেরা আব্বু’র মিক্সিংয়ের জন্য যাই মুম্বাইয়ের একটি স্টুডিওতে। স্টুডিওটি চার দিনের জন্য বুকিং করেছিলাম। কিন্তু দ্বিতীয় দিনই জগজিৎ সিং এসে ‘মা’কে সম্পর্কিত একটি অ্যালবামের অবশিষ্ট কিছু কাজ করতে চাইলেন। রেকর্ডিস্ট যখন ফোনে বললেন, স্টুডিও আমার নামে বুকিং করা আছে, তখন জগজিৎ জি বললেন ‘সমরজিত্ তো মেরা আপনা হি হে। উসকো ম্যাঁ বল দুংগা।’ পরে তাঁর অনুরোধে সেদিনের জন্য স্টুডিও তাঁকে দিয়েছিলাম। তাঁর পুরো রেকর্ডিং আমাকে বসিয়ে শোনালেন। পরে আমার মিক্সিংয়ে তিনি আমাকে খুবই সহযোগিতা করেছিলেন। আমার গায়কির খুব প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন, ‘ সমরজিৎ, দেখে নিও তোমার এই অ্যালবামটি খুব সফলতা পাবে।’ সত্যিই তাঁর সেই উক্তিটি সত্যি হয়েছিল। এ বছরই আমার সেই অ্যালবামটি জিমা (গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ড-২০১১)-তে সেরা জনপ্রিয় অ্যালবামগুলোর জন্য মনোনয়ন পায়। জিমা অ্যাওয়ার্ড ২০১১-এর অনুষ্ঠানেও জগজিৎ সিংয়ের উপস্থিত থাকার কথা ছিল। আমিও আশা করেছিলাম, ২২ সেপ্টেম্বর তাঁর সঙ্গে আবারও দেখা হয়ে যাবে। কিন্তু সেই সময়ে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন। আজ তো তিনি চলেই গেলেন। আর কোনো দিনই তাঁর সঙ্গে আমার দেখা হবে না। কিন্তু এই মহান শিল্পীর কাছে যে স্নেহ ও আশীর্বাদ পেয়েছি, তা আমার সংগীতজীবনের অমূল্য সম্পদ হয়ে রইল।