ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বিনিয়োগ আকর্ষণ করা কঠিন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে পদ্মা সেতু তৈরির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। কিন্তু দেশের অর্থনীতিবিদ ও অবকাঠামো বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব-অর্থনৈতিক পরিস্থিতিতে এ মুহূর্তে পদ্মা সেতু নির্মাণে বেসরকারি খাত থেকে বিনিয়োগ আকর্ষণ করা কঠিন হবে। দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক পিছিয়ে যাওয়ায় ইমেজ (ভাবমূর্তি) সংকটে পড়া বাংলাদেশের পক্ষে এ ধরনের বড় প্রকল্পে বিনিয়োগ আকর্ষণে নেতিবাচক প্রভাব পড়বে।সরকারি-বেসরকারি অংশীদারিতে পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, এটি এখনো একটি তাত্ত্বিক আলোচনা। এর প্রায়োগিক দিকগুলো দেখতে হবে। তবে তিনি পিপিপির মাধ্যমে অবকাঠামো উন্নয়নকে আশাব্যঞ্জক হিসেবে দেখছেন।দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, অতীতে বিদ্যুৎ খাতসহ বেশ কিছু প্রকল্প পিপিপির আওতায় হয়েছে। পদ্মা সেতু নির্মাণের মতো ৩০০ কোটি ডলারের একটি প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা প্রথম হবে। বর্তমান বিশ্ব-অর্থনৈতিক প্রেক্ষাপটে পিপিপির আওতায় এ ধরনের প্রকল্প বাস্তবায়নে তিনটি বিষয়ে নজর দেওয়ার পরামর্শ দেন তিনি। প্রথমত, এত অর্থ কোন উৎস থেকে আসবে; দ্বিতীয়ত, এই অর্থ কী মূল্যে আনা হবে এবং তৃতীয়ত, যে মূল্যে আনা হবে তাতে কত টাকা দিতে হবে। কেননা, এই অর্থ রেয়াতি হারে আসবে না। তাই অনেক বেশি অর্থ দিতে হবে। সে জন্য পদ্মা সেতুর টোল কীভাবে নেওয়া হবে, সে প্রশ্নও উঠছে।পদ্মা সেতু প্রসঙ্গে যোগাযোগ করা হলে অবকাঠামো বিশেষজ্ঞ রহমত উল্লাহ বলেন, বিশ্ব-অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে এত বড় প্রকল্পে বেসরকারি খাতের বিনিয়োগ পাওয়া যাবে কি না, সন্দেহ রয়েছে। দুর্নীতির কারণে বিশ্বব্যাংক পিছিয়ে গেল। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এর প্রতিফলন থাকবে। এ কারণে হয়তো বেসরকারি খাত আসতে চাইবে না।রহমত উল্লাহ পরামর্শ দিয়ে বলেন, বাংলাদেশের উচিত হবে বিশ্বব্যাংকের চাহিদা পূরণ করে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া। এতে বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধার হবে।প্রসঙ্গত, পদ্মা সেতু নির্মাণে বড় দাতা হিসেবে বিশ্বব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। কিন্তু দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক প্রকল্প বাস্তবায়ন থেকে পিছিয়ে যায়।একই সংবাদ সম্মেলনে গতকাল প্রধানমন্ত্রী গত অর্থবছরে ৯৩ শতাংশ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নকে অন্য সরকারের চেয়ে বেশি সাফল্য হিসেবে দাবি করেছেন। কিন্তু অর্থনীতিবিদেরা মনে করেন, এডিপি বাস্তবায়নের হার গতানুগতিক। বছরের শেষ দিকে অর্থ খরচ করে আত্মপ্রসাদ নেওয়ার কিছুই নেই।বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখ্ত প্রথম আলোকে বলেন, ‘এতে আত্মপ্রসাদ নেওয়ার কিছু নেই। অর্থবছরের প্রথম ১০ মাসে ৬০ শতাংশ আর শেষ দুই মাসে ৩৩ শতাংশ এডিপি বাস্তবায়ন—এটা টাকা পানিতে ফেলা ছাড়া আর কিছুই নয়। সব সরকারের আমলেই এ ধরনের প্রবণতা ছিল। গতানুগতিক ধারায় এডিপি বাস্তবায়নের যে দুষ্টচক্রের মধ্যে রয়েছি, তা থেকে বের হতে হবে।’জায়েদ বখ্ত অভিমত দেন, প্রতিবারই উচ্চাভিলাষী এডিপি গ্রহণ করে বলা হয়, প্রবৃদ্ধির জন্য দরকার আছে। ডিসেম্বর মাস এলে তা কাটছাঁট করা হয়। আবার শেষ পর্যন্ত সেই সংশোধিত এডিপিও বাস্তবায়ন করা যাচ্ছে না।পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ওয়েবসাইট সূত্রে দেখা গেছে, গত অর্থবছরে সংশোধিত এডিপির আকার ছিল ৩৫ হাজার ৮৮০ কোটি টাকা। বছর শেষে ৯২ শতাংশ বা ৩২ হাজার ৮৩০ কোটি টাকা খরচ করা সম্ভব হয়েছে। মূল এডিপির আকার ছিল ৩৮ হাজার ৫০০ কোটি টাকা।