ভাবমূর্তির সংকটে চীনের কমিউনিস্ট পার্টি
ক্ষমতার অপব্যবহার, দুর্নীতিসহ নানা কারণে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ভাবমূর্তির সংকটে ভুগছে। সম্প্রতি সেখানে ঘটে যাওয়া বেশ কিছু কেলেঙ্কারির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স গতকাল মঙ্গলবার এ খবর জানিয়েছে।চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব সব সময় নিজের ভাবমূর্তির ব্যাপারে সচেতন। এ জন্য তাঁরা দলের ইতিবাচক দিকগুলো জনগণের সামনে ফলাও করে প্রচার করেন। আর দল-সম্পর্কিত নেতিবাচক বার্তার প্রচার ঠেকাতে গণমাধ্যমের ওপর ক্ষমতাসীনদের আছে কঠোর বিধিনিষেধ। কিন্তু ইন্টারনেটের বিস্তারে কমিউনিস্টদের ভাবমূর্তি রক্ষার প্রচেষ্টা চ্যালেঞ্জের মুখে পড়েছে। গতকাল মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার এক খবরে বলা হয়, দেশটির এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ইন্টারনেটে ফাঁস হওয়া ওই ঘটনার তথ্য থেকে জানা যায়, কর্মকর্তাটি ও তাঁর স্ত্রী অ্যালকোহল পান করেন এবং নিম্নপদস্থ কর্মচারীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে চীনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে সরকার এ পদক্ষেপ নেয়। শুধু এ ঘটনাই নয়, চীনের সরকারি কর্মকর্তা ও কমিউনিস্ট পার্টির সদস্যদের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ ইন্টারনেটে প্রকাশিত হচ্ছে। প্রায় এক দশক পর চলতি বছরের শেষের দিকে দেশটির নেতৃত্বে পরিবর্তন আসবে। এ উপলক্ষে চীনা কমিউনিস্ট পার্টি তাদের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে সচেষ্ট। কিন্তু দল ও সরকারি কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার ও গুরুতর দুর্নীতির অভিযোগ ক্ষমতাসীনদের জন্য হুমকি হয়ে উঠেছে। এ প্রসঙ্গে সিডনি বিশ্ববিদ্যালয়ের চায়না স্টাডিজ সেন্টারের শিক্ষক চেন মিংলু বলেন, ‘অতীতে এ ধরনের অনেক ঘটনাই ঘটেছে। কিন্তু কেউ তা জানতে পারেনি। তাই ক্ষমতাসীনদের কেউ চ্যালেঞ্জও করেনি। তবে মানুষ এখন তা ফাঁস করে দিচ্ছে। সামনে আরও অনেক কিছুই ফাঁস হবে।’চেন মিংলু বলেন, চীনে বেশ ধীরগতিতে সুশীল সমাজ গড়ে উঠছে। দেশের মানুষ কোনো ঘটনাকে ভিন্নভাবে দেখতে শিখছে; শিখছে শাসকগোষ্ঠীর সমালোচনা করতে।বিশ্লেষকদের মতে, চীনের সরকারি কর্মকর্তা ও কমিউনিস্ট পার্টির সদস্যদের নানা কেলেঙ্কারির খবর ও মানুষের মতামত প্রকাশে সাধারণ নাগরিকদের সহায়তা করছে ইন্টারনেট। এ কারণে ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণ ও ব্যবহারকারীদের ব্যাপারে চীনা সরকারের মনোভাব বেশ কঠোর।