ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে যত রেকর্ড
১৯৯২ বিশ্বকাপের পর এই প্রথম ফাইনালের আগেই বিদায় নিল অস্ট্রেলিয়া। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের মাত্র তৃতীয় জয়, ১৯৮৭ বিশ্বকাপের পর এই প্রথম। বিশ্বকাপে ২০তম পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার পথে প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ১৮ হাজার রান করলেন শচীন টেন্ডুলকার। যুবরাজ সিং এই বিশ্বকাপে পঞ্চম ফিফটি পেলেন। এই বিশ্বকাপে পাঁচটি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের একমাত্র মালিক যুবরাজ। ২০০৩ বিশ্বকাপে সর্বোচ্চ সাতটি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছিলেন টেন্ডুলকার। ব্যক্তিগত ২৭ রানের মাথায় ২৩তম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে আট হাজার রান পূর্ণ করলেন যুবরাজ। আজহারউদ্দিন, টেন্ডুলকার, গাঙ্গুলী ও দ্রাবিড়ের পর পঞ্চম ভারতীয় হিসেবে আট হাজারি ক্লাবে ঢুকলেন যুবরাজ। এক বিশ্বকাপে ৩০০ রান ও ১০ উইকেট পাওয়া চতুর্থ খেলোয়াড় যুবরাজ সিং। চারবার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন যুবরাজ, যা এক বিশ্বকাপে সর্বাধিক বার ম্যান অব দ্য ম্যাচের রেকর্ড। ১৯৯৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনারও চারবার ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন। ওয়ানডেতে সর্বমোট ২৫ বার ম্যাচ-সেরার পুরস্কার পেয়েছেন যুবরাজ। ওয়ানডেতে সর্বাধিক বার ম্যাচ-সেরা হওয়ার তালিকায় যুবির স্থান ১৩ নম্বরে।