ভারত ও চীনের জন্য পৃথিবী অনেক বড়: ওয়েন জিয়াবাও
উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বৈশ্বিক পরিমণ্ডলে ভারত ও চীন উভয় দেশের জন্য যথেষ্ট জায়গা আছে বলে মন্তব্য করেছেন চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। আজ শুক্রবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দি অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট ন্যাশনসের (অ্যাসিয়ান) সম্মেলনের এক ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে এক বৈঠকে জিয়াবাও এ মন্তব্য করেন। এদিকে আগামী ১৬ ডিসেম্বর চীনের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে। প্রসঙ্গত, গত এক বছরে এটিই ভারত ও চীনের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক। চীন ভারতের বড় ব্যবসায়িক অংশীদার। ২০০৫ সাল থেকে উভয় দেশের মধ্যে কৌশলগত ও সহযোগিতামূলক ব্যবসায়িক অংশীদারি রয়েছে। তবে সীমানা নির্ধারণ, ভারতে চীনের নির্বাসিত নেতা দালাই লামার অবস্থান, কাশ্মীরের ভ্রমণকারীদের চীনের ভিসা প্রদানসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে উভয় দেশের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। এমনকি সীমানা নিয়ে ১৯৬২ সালে উভয় দেশ যুদ্ধেও জড়িয়ে পড়েছিল।—বিবিসি