ভারত ও পাকিস্তানের সংবাদমাধ্যমে শাহবাগ আন্দোলন সম্পর্কে আগ্রহ লক্ষ করা গেছে একদম শুরু থেকেই। এ দুটি দেশের সংবাদমাধ্যমে সংবাদ প্রতিবেদনের চেয়ে অনেক বেশি প্রকাশিত হয়েছে বিশ্লেষণমূলক নিবন্ধ।
ভারত ও পাকিস্তান
ভারতটাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য স্টেটসম্যান, আনন্দবাজার পত্রিকা, আউটলুক সাময়িকী, তেহেলকা ডটকমসহ ভারতের প্রচুরসংখ্যক মুদ্রণ, অনলাইন ও সম্প্রচার সংবাদমাধ্যমে শাহবাগ আন্দোলন ও তাকে ঘিরে অন্য ঘটনাবলি সম্পর্কে সংবাদ, পর্যবেক্ষণ ও বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। কিছু পত্রিকার সংবাদ প্রতিবেদন লিখেছেন সেসব পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি। কয়েকটি পত্রিকার প্রতিনিধিরা ঢাকায় এসেছিলেন, এমনটিও দেখা যায় সংবাদ প্রতিবেদনগুলোর ডেটলাইন থেকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর সূত্রেও অনেক তথ্য প্রকাশ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের সাধারণ সুর শাহবাগ আন্দোলনের প্রতি সমর্থনসূচক। কিছু কিছু সংবাদের শিরোনাম ছিল বিভ্রান্তিকর।পাকিস্তানইংরেজি ভাষার পাকিস্তানি সংবাদমাধ্যমে শাহবাগ আন্দোলনের খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক বার্তা সংস্থার সূত্রে। দৈনিক ডন, এক্সপ্রেস ট্রিবিউন, ডেইলি টাইমস, ফ্রাইডে টাইমস ইত্যাদি পত্রিকায় সংবাদ প্রতিবেদন ও বেশ কিছুসংখ্যক বিশ্লেষণী নিবন্ধ ছাপা হয়েছে। ডনসহ কয়েকটি পত্রিকা ফেব্রুয়ারির ৬ তারিখ থেকেই বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার ও শাহবাগ আন্দোলন সম্পর্কে খবরাখবর ছাপা শুরু করে। ইংরেজি দৈনিক ডন ও দি এক্সপ্রেস ট্রিবিউন-এ ছাপা হয়েছে বেশ কয়েকটি নিবন্ধ।