পাকিস্তানের অধিকাংশ মানুষ আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার চেয়ে ভারতকে তাদের দেশের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করে। একইভাবে ভারতীয়রাও পাকিস্তানকে তাদের বড় হুমকি বলে বিবেচনা করে।আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক জরিপের ফলাফলে গতকাল মঙ্গলবার এ তথ্য উঠে এসেছে। ওই জরিপের ফলাফলের বরাত দিয়ে দ্য টাইম অব ইন্ডিয়া খবর প্রকাশ করেছে। জরিপের ফলাফলে বলা হয়েছে, পাকিস্তানিদের যখন জিজ্ঞেস করা হয়েছে, ভারত, আল-কায়েদা ও তালেবানদের মধ্যে তাদের দেশের জন্য সবচেয়ে বড় হুমকি কে? এর জবাবে ৫৭ শতাংশ পাকিস্তানি ভারতের নাম উল্লেখ করেছে।তবে জরিপে অংশগ্রহণকারী পাকিস্তানিদের মধ্যে প্রতি ১০ জনে সাতজন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন গুরুত্বপূর্ণ বলে মত দিয়েছেন। পাশাপাশি প্রতিবেশী ভারতের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিকে একটি ভালো দিক বলে মত দিয়েছেন তারা। তা ছাড়া দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে ভবিষ্যতে আলোচনাও সমর্থন করেছেন জরিপে অংশগ্রহণকারীরা।একইভাবে জরিপে অংশগ্রহণকারী ৬৫ শতাংশ ভারতীয় নাগরিক প্রতিবেশী পাকিস্তানের বিষয়ে তাদের নেতিবাচক মনোভাব প্রকাশ করেছে। আর ৪৫ শতাংশ ভারতীয় পাকিস্তানকে তাদের সবচেয়ে বড় হুমকি বলে মত দিয়েছেন। এ ছাড়া জরিপে অংশগ্রহণকারী ১৯ শতাংশ ভারতীয় পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবা ও ১৬ শতাংশ মাওবাদীদেরকে ভারতের জন্য হুমকি মনে করেন। পাকিস্তানিদের মতো ভারতের মানুষও দুই দেশের সম্পর্ক উন্নয়ন দেখতে আগ্রহী। এ ছাড়া উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বিষয়টিও তারা সমর্থন করে।জরিপের ফলাফলে বলা হয়েছে, বেশির ভাগ পাকিস্তানি যুক্তরাষ্ট্রের অভিযানে লাদেনের নিহত হওয়ার নিন্দা জানিয়েছে। বেশির ভাগ পাকিস্তানি আল-কায়েদা নেতা ওসামার মৃত্যুকে খারাপ বিষয় হিসেবে বিবেচনা করেন। মাত্র ১৪ শতাংশ পাকিস্তানি এটাকে ভালো দিক বলে মত দিয়েছে। অনেক পাকিস্তানি বিশ্বাস করে, বিন লাদেনের গোপন আস্তানায় মার্কিন হামলার একটি নেতিবাচক প্রভাব আছে। আর এর ফলেই যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্কে ইতিমধ্যে প্রভাব পড়েছে।আল-কায়েদা সম্পর্কে মাত্র ১২ শতাংশ পাকিস্তানি ইতিবাচক ধারণা পোষণ করে। ২০১০ সালে এই হার ছিল ১৮ শতাংশ। এ ছাড়া ১২ শতাংশ পাকিস্তানি তালেবান ও তেহরিক-ই তালেবানকে সমর্থন করেন। ২৭ শতাংশ পাকিস্তানি লস্কর-ই-তাইয়েবাকে সমর্থন করে। ২০০৮ সালে মুম্বাই হামলার জন্য এই সংগঠনটিকে দায়ী করা হয়। জরিপে দেখা যায়, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানিদের মধ্যে ভারত বিদ্বেষ আরও বেড়েছে। ভারতের ব্যাপারে প্রতি চারজনে তিনজনই নেতিবাচক মত দিয়েছে।