ভারত ও পাকিস্তানে মুঠোফোনে রোমিং চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও পাকিস্তানের মধ্যে মুঠোফোনে শিগগিরই রোমিং সুবিধা চালু হচ্ছে। রোমিং সুবিধা চালুর ব্যাপারে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা চলছে বলে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে। খবর ‘দ্য হিন্দু’র। ভারত ও পাকিস্তানের মুঠোফোন ব্যবহারকারীদের মধ্যে রোমিং সুবিধা চালু করার প্রস্তাব সমর্থন করেছে টেলিকম বিভাগ। তবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত দেয়নি।২০০৪ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে মুঠোফোনের রোমিং সুবিধা নিষিদ্ধ করে দেওয়া হয়। ভারতের নিরাপত্তাবিষয়ক সংস্থাগুলো দুষ্কৃতকারীদের ব্যাপারে উদ্বেগ জানানোর পরে রোমিং সুবিধার ওপর নিষেধাজ্ঞা জারি হয়। এ ছাড়া ক্রিকেট নিয়ে জুয়া বন্ধ করার জন্যও ভারতের সংস্থাগুলো রোমিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে। তবে সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল (মহাব্যবস্থাপক) রাজন মাথিউ বলেন, এখন আধুনিক ও উন্নত প্রযুক্তির কল্যাণে নিরাপত্তা সংস্থাগুলো মুঠোফোন ব্যবহারকারীদের ওপর নজরদারি করতে পারবে। মোট ব্যবহারকারীর সীমিত একটি অংশই রোমিং সুবিধা পাবেন বলে জানান তিনি। দুই দেশের মধ্যে মুঠোফোনের রোমিং সুবিধা চালু হলেও নিরাপত্তার জন্য বিশেষ কৌশল ব্যবহার করতে হবে দেশ দুটিকে। যেমন—ভারতের নিরাপত্তা সংস্থা গোলযোগপূর্ণ জম্মু ও কাশ্মীরে রোমিংয়ের ওপর নিয়ন্ত্রণ রাখবেন।