ভারত ও পাকিস্তানের প্রতি সম্পর্ক উন্নয়নের আহ্বান ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারত ও পাকিস্তানের প্রতি আলোচনার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়েছেন। ভারত সফররত ওবামা গতকাল রোববার এ আহ্বান জানান। গতকাল বিকেলে মুম্বাই থেকে ভারতের রাজধানী নয়াদিল্লি পৌঁছান তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁকে স্বাগত জানান। খবর এএফপি, আইএএনএস ও এনডিটিভির।তিন দিনের ভারত সফরের দ্বিতীয় দিনে গতকাল মুম্বাইয়ের বিখ্যাত সেন্ট জেভিয়ার্স কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন ওবামা। তিনি বলেন, পাকিস্তান স্থিতিশীল ও সমৃদ্ধ হলে ভারত সবচেয়ে বেশি লাভবান হবে। এ সময় জঙ্গিবাদ দমনের প্রতি গুরুত্ব দিতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানান তিনি।ওবামা বলেন, আশা করি ভারত ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক আস্থা বাড়বে। সংলাপের মাধ্যমে আস্থা বাড়াতে হবে। এ জন্য কম বিরোধপূর্ণ প্রসঙ্গ নিয়ে সংলাপ শুরু এবং ধীরে ধীরে বিরোধপূর্ণ সব বিষয়ে আলোচনা করতে হবে।প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘ইসলামাবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে উন্নতি করছে। তবে সে গতি যথেষ্ট নয়।’ তিনি অভিযোগ করেন, আফগান সীমান্তের কাছে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গিরা অবস্থান করছে। সেন্ট জেভিয়ার্স কলেজে বক্তৃতা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মার্কিন প্রেসিডেন্ট। জিহাদ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাসবাদীরা জিহাদ শব্দের অপব্যাখ্যা দিচ্ছে। ইসলাম সম্পর্কে তিনি বলেন, ‘এটি একটি মহান ধর্ম এবং তা শান্তি, ন্যায়, নিরপেক্ষতা ও ধৈর্যের প্রতীক।’ভারত ও পাকিস্তানের সম্পর্কের ব্যাপারে, বিশেষ করে কাশ্মীর প্রশ্নে বাইরের কোনো হস্তক্ষেপের ব্যাপারে নয়াদিল্লির মনোভাব দারুণ সংবেদনশীল। বিশেষ কিছু বলে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র পাকিস্তানকেও ক্ষুব্ধ করতে চান না ওবামা। সব মিলিয়ে দুই দেশের সম্পর্কের ব্যাপারে কথা বলতে গিয়ে খুবই সতর্ক ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে মুম্বাইয়ে স্কুলের শিশুদের সঙ্গে নেচে-গেয়ে দেওয়ালি অনুষ্ঠান উপভোগ করার মধ্য দিয়ে ভারত সফরের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেন প্রেসিডেন্ট ওবামা। তাঁর স্ত্রী মিশেলও দেওয়ালি অনুষ্ঠানে যোগ দেন। এখানে প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘ভারত এখন বিশ্বের একটি গুরুত্বপূর্ণ বাজার। আমরা ভারতকে এখন উঠতি শক্তি হিসেবে নয়, শক্তিশালী দেশ হিসেবেই দেখি।’ এ সময় ভারতের গতিশীল অর্থনীতি ও বিভিন্ন কৌশল এবং এশিয়ার বাইরে এর প্রভাবের কথা উল্লেখ করেন ওবামা।ওবামা-মনমোহন বৈঠক: গতকাল নয়াদিল্লিতে প্রেসিডেন্ট ওবামা ও প্রধানমন্ত্রী মনমোহন সিং আনুষ্ঠানিক বৈঠকের আগে এক প্রাক-নৈশভোজ বৈঠকে মিলিত হন। বৈঠকের সময় ২৫ মিনিট নির্ধারিত থাকলেও তা শেষ পর্যন্ত ৫০ মিনিটে গড়ায়। বৈঠকে দুই নেতা বিগত বছরগুলোতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।এর আগে ওবামা গতকাল স্থানীয় সময় বেলা তিনটা ১৯ মিনিটে সস্ত্রীক দিল্লি বিমানবন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তাঁর স্ত্রী গুরশরণ কাউর ওবামা দম্পতিকে স্বাগত জানান। প্রেসিডেন্ট ওবামা নয়াদিল্লিতে দুই দিন অবস্থান করবেন। প্রেসিডেন্ট ওবামা গতকালই সস্ত্রীক মোগল সম্রাট হুমায়ুনের সমাধি পরিদর্শন করেন। সেখানে কাজ করে এমন ১৪ শিশুর সঙ্গে কথা বলেন ওবামা ও মিশেল। এ সময় শিশুদের মা-বাবা সেখানে উপস্থিত ছিলেন। ওবামা প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যিনি সম্রাট হুমায়ুনের সমাধি পরিদর্শন করলেন।প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আয়োজনে গতকাল রাতে নৈশভোজে যোগ দেওয়ার কথা রয়েছে ওবামার।ওবামা তিন দিনের ভারত সফর শেষে ইন্দোনেশিয়া যাবেন। পরে জি-২০ সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া ও এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক জোটের (এপিইসি) সম্মেলনে যোগ দিতে জাপান যাবেন।