আওয়ামী লীগ এতদিন একতরফাভাবে ভারত প্রীতি দেখিয়েছে। ভারত আওয়ামী লীগকে প্রীত করেনি। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ভারত সফরে তাঁর প্রাপ্য সম্মানই পেয়েছেন। আজ রোববার ১৮ দলীয় জোট আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। রেলের ভাড়া বৃদ্ধি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়। নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘ভারত বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে যে রাজকীয় মর্যাদা দিয়েছে তাতে আওয়ামী লীগ নেতাদের মাথা খারাপ হয়ে গেছে।’বিএনপি চেয়ারপারসনের সাম্প্রতিক ভারত সফরের দিকে ইঙ্গিত করে আমীর খসরু বলেন, ‘অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন বিরোধী দলীয় নেত্রীকে এত সম্মান দেওয়ার কারণ কি? আমরা বলেছি, যার সম্মান আছে ভারত তাঁকে সম্মান দিয়েছে।’অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, ‘আওয়ামী লীগ বাদে দেশের জনগণ ও পুরো সুশীল সমাজের দাবি হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এর বাইরে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন জনগণ মেনে নেবে না। সরকার একের পর এক হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত এর একটি প্রমাণ।’জামায়াত ইসলামী নেতা আহসান উল্লাহর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেস সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, জামায়াত ইসলামী নেতা শাহজাহান চৌধুরী, ইসলামী ঐক্যজোট সসভাপতি মাঈনুদ্দিন রূহি, নগর বিএনপি সহ-সভাপতি সামশুল আলম প্রমুখ।