ভারত গেল, উইন্ডিজও নেই বিশ্বকাপের কী হবে!
কেভিন পিটারসেন কখন ফিরছেন? সেমিফাইনালের আগে পৌঁছাবেন তো?ইংলিশ সাংবাদিকদের জিজ্ঞাসাটা শোনাল আর্তির মতো। পুরো ইংল্যান্ডেরই আর্তি! অবিশ্বাস্য একটা ‘রেকর্ড’ আছে ইংল্যান্ডের। টেস্ট খেলুড়ে বড় দলগুলোর মধ্যে একমাত্র ইংল্যান্ডই কোনো বৈশ্বিক টুর্নামেন্ট জেতেনি। বিশ্বকাপ নয়, চ্যাম্পিয়নস ট্রফি নয়, টি-টোয়েন্টিও নয়। আপাতত টি-টোয়েন্টিই মনে হচ্ছে একমাত্র ভরসা। ৫০ ওভারের বিশ্বকাপ বা চ্যাম্পিয়নস ট্রফি কীভাবে জিতবে? কাউন্টি দলগুলোর সঙ্গে মিলে ঘরোয়া ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচই যে উঠিয়ে দিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড। উইজডেন অ্যালম্যানাক-এর সম্পাদক তীব্র শ্লেষে লিখেছেন, কিছু না পারলে আরও চেষ্টা করা যেখানে নিয়ম; ইংল্যান্ডের নিয়ম মনে হচ্ছে, না পারলে চেষ্টা করারই দরকার নেই।টি-টোয়েন্টিটা ইংল্যান্ডেরই আবিষ্কার। পরে অবশ্য তাদের চেয়ে চেয়ে দেখতে হয়েছে, সেটিকে কেমন সোনার ডিম পাড়া হাঁস বানিয়ে ফেলেছে ভারত। কী মজার ব্যাপার দেখুন, হেলাফেলা করে খেলার যুগে ভারত টি-টোয়েন্টির বিশ্বকাপ জিতে ফেলেছিল। আর টি-টোয়েন্টির মৃগয়াভূমি হয়ে ওঠার পর সেমিফাইনালেই ওঠা হয়নি আর।আর ইংল্যান্ড এবার এমনই হেসেখেলে সেমিফাইনালে যে বাবা হওয়ার আনন্দকে পরিপূর্ণ করতে কেভিন পিটারসেন নিশ্চিন্তে দেশে (দেশেই তো, দক্ষিণ আফ্রিকাকে এখন অতীতই ভাবেন কেপি) ফিরে যেতে পারলেন। যাওয়ার আগে পরপর দুটি ম্যান অব দ্য ম্যাচ, পুত্রসন্তানের মুখ দেখে ফেরার পর সেই ফর্মটা থাকলেই হয়! মাঝখানে ওই আটলান্টিক পাড়ি দেওয়ার ধকল না নিলেও ব্যর্থ হতে পারতেন। কিন্তু এখন ব্যর্থ হলে নবজাতকের ওপর না দোষ পড়ে! ওই পিচ্চিটাই আমাদের বিশ্বকাপ জিততে দিল না! ইংল্যান্ড যতই ভালো খেলুক, আজকের সেমিফাইনালে ফেবারিট শ্রীলঙ্কাই। কারণ সেন্ট লুসিয়া। উপমহাদেশের দলগুলোর হাতে ফিকশ্চার করার সুযোগ থাকলে নিশ্চিত থাকতে পারেন, এই বিশ্বকাপের সব ম্যাচ সেন্ট লুসিয়াতেই হতো। বোশেজোর উইকেট আর কলম্বোর উইকেট খুব একটা হেরফের মনে হচ্ছে কুমার সাঙ্গাকারার। শুধু মুরালিধরনকে হারিয়ে ফেলার আক্ষেপটা কখনো কখনো ছুঁয়ে যাচ্ছে। শ্রীলঙ্কান তরুণেরা যে পতাকা তুলে ধরার জন্য তৈরি, ভারতের বিপক্ষে সেটি ভালোই প্রমাণিত। প্রমাণিত এটাও, শরীর-মন ঠিক থাকলে স্লগ ওভারে লাসিথ মালিঙ্গা ব্যাটসম্যানদের জন্য বড় দুঃসাধ্য ব্যাপার। মহেন্দ্র সিং ধোনির মতো তাড়ু ব্যাটসম্যান পর্যন্ত হকচকিত, ‘উইকেটে আমরা দুজন সেট ব্যাটসম্যান। কিন্তু এমন ইয়র্কার করতে শুরু করল যে...ওগুলো মারা যায় না।’এটা ইংল্যান্ডের সমস্যা। ইংল্যান্ড বুঝুক। একই দিনে সবচেয়ে বেশি সমর্থকধন্য দল ও স্বাগতিকদের আনুষ্ঠানিক বিদায়ের পর বড় প্রশ্ন তো অন্য—এই বিশ্বকাপের কী হবে? সেমিফাইনাল-ফাইনালে কি গ্যালারি ভরবে? পরশু ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের সময় প্রায় ভরাই ছিল। শব্দদূষণের দিক থেকে যেটি বোধহয় একটা রেকর্ডও করে ফেলল। ওভারের ফাঁকে ফাঁকে স্টিল ব্যান্ড। আর দর্শকদের নিয়ে আসা বাঁশি-শঙ্খ-কাঁসর-ঢোল থেকে বিচিত্র সব শব্দ সব সময়ই।ভারতের বিপক্ষে জয় একটা আশা দিয়েছিল ওয়েস্ট ইন্ডিয়ানদের। একটা কিছু হয়েও যেতে পারে। ঘোর দুঃসময়ের মধ্যেও যে এই জাতীয় টুর্নামেন্টগুলোতে কীভাবে কীভাবে যেন ভালো করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ২০০৪ চ্যাম্পিয়নস ট্রফি জয়, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল...। কিন্তু সামনে যে পড়ে গেল অন্য গ্রহের এক দল! শুধু ব্যাটিং-বোলিং-ফিল্ডিংই নয়, মাঠে অস্ট্রেলিয়ানদের হলুদ জার্সি থেকেও যেন এখন তীব্র আলো বিচ্ছুরিত!গত বিশ্বকাপে একাই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিলেন ক্রিস গেইল। এবার প্রথম ওভারে বোল্ড হয়েই হারিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজকে। সেন্ট লুসিয়ানদের বিশ্বকাপও বোধহয় শেষ হয়ে গেল ওখানেই। এমনিতেই এটা বারবাডোজ বা অ্যান্টিগার মতো ক্রিকেট-পাগল দেশ নয়। ক্রিকেট পছন্দ করেন না—এমন লোকেরও দেখা মিলবে সেন্ট লুসিয়ায়। বারবাডোজে যা কখনোই সম্ভব নয়। ক্রিকেট ঐতিহ্য বলতেও কিছু নেই। ক্রিকেট এখানে যতটা পর্যটন-বাণিজ্যের হাতিয়ার, তার এক শতাংশও হূদয়ের ব্যাপার নয়। এখন পর্যন্ত একজনই টেস্ট ক্রিকেটার বেরিয়েছেন এখান থেকে। অন্য ক্ষেত্রে বরং অনেক কীর্তিমান সেন্ট লুসিয়া, স্থানীয়রা যেটিকে বলে সেন্ট লোশা।দৈর্ঘ্যে ২৭ আর প্রস্থে ১৪—মাত্র ২৩৮ বর্গমাইলের এই দ্বীপরাষ্ট্র জন্ম দিয়েছে দুজন নোবেল বিজয়ী আর একজন মিস ইউনিভার্সকে। স্যার আর্থার লুইস নোবেল জিতেছিলেন অর্থনীতিতে। ডেরেক ওয়ালকট সাহিত্যে। এমন পুঁচকে দেশেরও যে আলাদা করে রাজধানী-টানী থাকতে হয়, অনেক সময় তা মনেই থাকে না। সেন্ট লুসিয়ার রাজধানীর নাম ক্যাস্ট্রিস। যেটির মাঝখানে খোলা চত্বরটার নাম ডেরেক ওয়ালকট স্কয়ার।সেমিফাইনাল দেখতে বোশেজো যাওয়ার চেয়ে সেখানে বসে আড্ডা মারতেই না বেশি পছন্দ করে সেন্ট লুসিয়ানরা!