ভারত জুড়ে মৃদু ভূকম্পন, সুনামি সতর্কতা প্রত্যাহার
পশ্চিমবঙ্গসহ গোটা ভারতে আজ দুপুরে মৃদু ভূকম্পন হয়। আজ বুধবার দুপুর দুইটা আট মিনিটে হঠাৎ কেঁপে ওঠে কলকাতাসহ গোটা উত্তর ভারত।কলকাতায় এই মৃদু ভূকম্পনের জেরে শহরের বিভিন্ন এলাকায় বেশ কটি বাড়ি এবং অফিসে ফাটল ধরে। ভূমিকম্প টের পেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মীরা অফিসের বাইরে বের হয়ে আসেন। বড় বড় অফিস খালি করে দেওয়া হয়। কলকাতার পাতাল রেল (মেট্রো রেল) কর্তৃপক্ষ ভূমিকম্পের খবর পেয়ে যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে ৪৮ মিনিটের জন্য পাতাল রেল চলাচল বন্ধ রাখা হয়। পশ্চিমবঙ্গের সর্বত্র ভূকম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো জীবনহানির খবর পাওয়া যায়নি। আজ বিকেল চারটা ২০ মিনিটের দিকে আবারও কলকাতা এবং এর আশপাশের এলাকায় কয়েক সেকেন্ডের জন্য মৃদু ভূকম্পন হয়। এদিকে আজ গোটা ভারতেই মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্প হয়েছে দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, পাটনা, গুয়াহাটিসহ ভারতের বিভিন্ন রাজ্যে। ভারত সুনামি সতর্কতা জারির পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তা তুলে নেয়। তবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মত্স্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।