ভারত ট্রানজিটের জন্য মাশুল দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রজিত মিত্তার বলেছেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে আঞ্চলিক যোগাযোগব্যবস্থা পুরোপুরি চালু হলে দুই দেশই লাভবান হবে। বাংলাদেশ সরকারের একটি কমিটি ট্রানজিটের মাশুল নির্ধারণে কাজ করছে। মাশুল নির্ধারণ করা হলে আমরা দেব। তবে তা অবশ্যই যৌক্তিক হতে হবে।’ গতকাল সোমবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ভারতের হাইকমিশনার এসব কথা বলেন। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবসায়ী নেতা ও ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রজিত মিত্তার বলেন, বিশ্বায়নের এই যুগে ভারত ও বাংলাদেশ বিচ্ছিন্ন থাকতে পারে না। উভয় দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার বিকল্প নেই। দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি ও শুল্ক-অশুল্ক বাধা দূরীকরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ভারত-বাংলাদেশ যৌথ ইশতেহারের প্রসঙ্গ তুলে ধরে হাইকমিশনার বলেন, এই ইশতেহার অনুযায়ী এখন কাজ চলছে। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের বিষয়ে খসড়া কার্যপদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে। আখাউড়া-আগরতলা রেল-সংযোগ চালুর ব্যাপারে স্যাটেলাইট জরিপ শেষ হয়েছে। প্রথমবারের মতো ত্রিপুরার বিদ্যুৎকেন্দ্রের জন্য চারটি চালান সড়কপথে সাফল্যের সঙ্গে আশুগঞ্জ হয়ে ত্রিপুরায় পৌঁছেছে। সভায় চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম দুই দেশের মধ্যে বিশাল বাণিজ্য-ঘাটতি দূর করতে বাংলাদেশের রপ্তানিপণ্যের শুল্কমুক্ত অবাধ প্রবেশ এবং সব শুল্ক-অশুল্ক বাধা অপসারণের আহ্বান জানান। সভায় ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধি, ঢাকা ও চট্টগ্রামে ভারতীয় ব্যবসায়ীদের তথ্যপ্রযুক্তি শিল্প স্থাপনে আগ্রহ, স্থলবন্দরের সুযোগ-সুবিধা বৃদ্ধি, বিদ্যুৎ খাত, সড়ক ও রেল-যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, ঢাকায় ভারতীয় দূতাবাসের প্রথম সচিব (যোগাযোগ ও তথ্য) দীপক মিত্তার ও ইন্ধিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক অনুপম ব্যানার্জি। অন্যান্যের মধ্যে ছিলেন চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম, সহসভাপতি নুরুন নেওয়াজ, চেম্বার পরিচালক এম এ সালাম ও মাহফুজুল হক।