ভারত থেকে গ্যাস আমদানির বিষয়ে আলোচনা
ভারতের শিলিগুড়ি থেকে রংপুর দিয়ে বাংলাদেশে গ্যাস আমদানির বিষয়ে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণের মধ্যে আলোচনা হয়েছে। খবর বাসসের।প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করে পঙ্কজ শরণ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঈদ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বৈঠকে সিলেট ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়কে সংযুক্ত করে দ্বিতীয় বিদ্যুত্ গ্রিড নির্মাণের বিষয়ে আলোচনা হয়।এ ছাড়া পারস্পরিক স্বার্থসংশি¬ষ্ট আরও অনেক বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে দুই দেশের সীমান্তের জমি বিনিময়ে ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তির ভিত্তিতে ঢাকা-দিল্লির মধ্যে স্বাক্ষরিত সীমান্ত প্রটোকল বাস্তবায়ন ও ভারতীয় ঋণে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়।আবুল কালাম আজাদ সাংবাদিকদের আরও জানান, ভারতীয় নেতারা বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের উন্নয়নে— বিশেষ করে, ম্যাক্রো অর্থনীতির স্থিতিশীলতা ও মুদ্রাস্ফীতির হার কম হওয়ায়—প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। বৈঠকে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ এম ওয়াহিদুজ্জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।