ভারত থেকে চাল ও গম আমদানি করবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অক্টোবরের মধ্যে ভারত থেকে তিন লাখ মেট্রিক টন চাল ও দুই লাখ মেট্রিক টন গম আমদানি করবে বাংলাদেশ। এ লক্ষ্যে আনুষ্ঠানিক প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন গতকাল শনিবার এ কথা জানান। খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ প্রক্রিয়ায় প্রতি মেট্রিক টন চালের আমদানি-মূল্য ধরা হয়েছে ৪৩৬ মার্কিন ডলার এবং প্রতি মেট্রিক টন গমের মূল্য ধরা হয়েছে ৩৩৬ ডলার । ভারতের স্টেট ট্রেডিং করপোরেশন (এসটিসি), ফুড করপোরেশন অব ইন্ডিয়া (এফসিআই) ও প্রজেক্ট অ্যান্ড ইকুইপমেন্ট কমিটি (পিইসি) যৌথভাবে বাংলাদেশে এই চাল ও গম বাংলাদেশে রপ্তানি করবে। গত ২৪-২৬ আগস্ট খাদ্য মন্ত্রণালয়ের সচিব বি ডি মিত্রের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের ভারত সফরে যায়। সে সফরে ভারত থেকে চাল ও গম আমদানির সিদ্ধান্ত চূড়ান্ত হয়।এদিকে ভারত থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী সিআইএফ লাইনার আউট ভিত্তিতে এসব চাল রপ্তানিতে সম্মত হয়েছে। উভয়পক্ষ সিদ্ধান্ত নিয়েছে, এসব চাল ও গম খালাসে বন্দর পর্যন্ত রপ্তানি কার্গোর বিমা খরচ বিক্রেতাই বহন করবেন।—বাসস