ভারত থেকে দ্রুত বিদ্যুৎ আনতে নতুন উদ্যোগ
সরকার ভারত থেকে দ্রুত বিদ্যুৎ আনতে নতুন একটি উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুহুল আমিনের নেতৃত্বে চার সদস্যের কারিগরি দল সম্প্রতি পশ্চিমবঙ্গ সফর করেছে। সফরকালে তাঁরা দ্রুত বিদ্যুৎ আনার তিনটি সম্ভাব্য পথ চিহ্নিত করেছেন। সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, দুই দেশের সরকার একমত হলে এর যেকোনো পথে কয়েক মাসের মধ্যে অন্তত ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা সম্ভব। এ জন্য অবকাঠামো নির্মাণে ব্যয় হবে সামান্য। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সফর করে আসা কারিগরি দলের প্রধান রুহুল আমিন প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে প্রাথমিক কাজ শুরু করা হয়েছে। চিহ্নিত তিনটি পথ হচ্ছে ভারতের বনপাড়া থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গা, ভারতের কৃষ্ণনগর থেকে বাংলাদেশের যশোর ও ভারতের বেলখোলা থেকে বাংলাদেশের ঠাকুরগাঁও। এই সফর সম্পর্কে তিন-চার দিনের মধ্যে কারিগরি কমিটি মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবে। এরপর বিষয়টি সম্পর্কে সরকার সিদ্ধান্ত নেবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় গত ১১ জানুয়ারি দুই দেশের মধ্যে বিদ্যুৎ খাতে সহযোগিতার উদ্দেশ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। তারপর দুই দেশের বিদ্যুৎসচিব পর্যায়ের যৌথ কমিটির দুটি এবং যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাদের নেতৃত্বাধীন যৌথ ওয়ার্কিং গ্রুপের দুটি সভা হয়েছে। এর মাত্র সাড়ে ছয় মাসের মাথায় গত ২৬ জুলাই বিদ্যুৎ আমদানির অবকাঠামো নির্মাণের অংশ হিসেবে দুই দেশের মধ্যে ৩৫ বছর মেয়াদি বিদ্যুৎ সঞ্চালনের একটি চুক্তি সই হয়। ওই চুক্তির আওতায় ২০১২ সালের মধ্যে বাংলাদেশের ভেড়ামারা পথে বিদ্যুৎ আমদানি শুরু হবে। তবে নতুন পথে দ্রুত বিদ্যুৎ আমদানির উদ্যোগের সঙ্গে ওই চুক্তির কোনো সম্পর্ক নেই। ওই চুক্তি অনুযায়ী কার্যক্রম পরিচালনার পাশাপাশি নতুন উদ্যোগের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎসচিব আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, আগের চুক্তি অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাবে ২০১২ সালে। অন্য কোনো পথে তার আগে বিদ্যুৎ আনা যায় কি না, তা খতিয়ে দেখার জন্যই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি সূত্র জানায়, গত ২৭ জুলাই থেকে পশ্চিমবঙ্গ সফরের সময় কারিগরি দলটি ভারতের পশ্চিমাঞ্চলীয় ওই রাজ্যের ‘ইলেকট্রিসিটি ট্রান্সমিশন অথরিটি’র সঙ্গে বৈঠক করে। এরপর বিদ্যুৎ আদান-প্রদানের জন্য গ্রিড উপকেন্দ্র স্থাপনের জন্য জুৎসই স্থান নির্ধারনের জন্য কয়েকটি জায়গা পরিদর্শন করে।