ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় ৫ বাংলাদেশি গ্রেপ্তার
ভারত থেকে অবৈধভাবে কুষ্টিয়ায় প্রবেশের সময় পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা। তাদের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।অনুপ্রবেশকারীরা হলেন—মাদারীপুর জেলার শিবগঞ্জ উপজেলার কামারকান্দি গ্রামের সোহাগ মুনসী (২৩) ও বাজৈর উপজেলার টেকেরহাট গ্রামের কামাল খন্দকার (২৭), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বজলু মণ্ডল (৩০), রশীদ আলী (২৭) ও রাজু আহমেদ (২৫)।দৌলতপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী রামকৃষ্ণপুর এলাকায় নদীপথে একটি নৌকা দেখে বিডিআর সদস্যদের সন্দেহ হলে তাঁরা নৌকাটিকে আটক করেন। এ সময় নৌকায় থাকা পাঁচজনের কাছে কোনো পাসপোর্ট ছিল না এবং তাঁরা অবৈধভাবে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফেরার কথা স্বীকার করেন। পরে বিডিআর তাঁদের আটক করে দৌলতপুর থানায় সোপর্দ করে। এ সময় তাঁদের কাছ থেকে ১৭ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, রামকৃষ্ণপুর ক্যাম্পের নায়েক বনিজ উদ্দিন বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। আজ সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।