ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০১২ সালের মধ্যে আমরা ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আনতে সক্ষম হব। ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর হতে বাংলাদেশের ভেড়ামারা পর্যন্ত সঞ্চালন লাইন এবং ভেড়ামারায় উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিদ্যুৎ বিনিময় কাজের সূচনা করা হয়েছে।’প্রধানমন্ত্রী আজ রোববার চাঁদপুর শহরের নতুনবাজার এলাকায় বালুর মাঠে গ্যাসভিত্তিক ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। বেলা সোয়া ১১টার দিকে হেলিকপ্টারে করে চাঁদপুরে এসে বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।বিদ্যুৎসংকট মোকাবিলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নতুন পরিকল্পনার আওতায় ২০১৫ সালের মধ্যে নয় হাজার ৪২৬ মেগাওয়াট উত্পাদন ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছি। পাশাপাশি আমরা সৌর বিদ্যুৎ ও বায়ু বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছি। তিনি আরও বলেন, বর্তমানে জ্বালানি বহুমুখীকরণের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। বর্তমান সরকার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করার পাশাপাশি নবায়নযোগ্য বিদ্যুতের সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এ এস এম আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মুহাম্মদ এনামুল হক, সাংসদ মেজর (অব.) সুবেদ আলী ভূঁইয়া, মহীউদ্দীন খান আলমগীর, চীনা রাষ্ট্রদূত চেং সাই ই, চেংডা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান লিও ইউ হেং প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিদ্যুত্সচিব মো. আবুল কালাম আজাদ।প্রসঙ্গত, চাঁদপুরে ১৫০ মেগাওয়াট উত্পাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্প ২০ এপ্রিল পুনঃ অনুমোদন করে সরকার। ২০০১ সালের ১০ এপ্রিল প্রকল্পটি প্রথম অনুমোদনের পর কাজ শুরু না হওয়ায় প্রকল্পের ব্যয় বাড়ানো হয়।