চাঁদপুরে বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আনা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১২ সালের মধ্যে আমরা ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আনতে সক্ষম হব। ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে বাংলাদেশের ভেড়ামারা পর্যন্ত সঞ্চালন লাইন এবং ভেড়ামারায় উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়ার মাধ্যমে বিদ্যুৎ-বিনিময় কাজের সূচনা করা হয়েছে।প্রধানমন্ত্রী গতকাল রোববার চাঁদপুর শহরের নতুনবাজার এলাকায় পাওয়ার হাউস বালুর মাঠে গ্যাসভিত্তিক ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘২০০১ সালের ১০ এপ্রিল একনেক বৈঠকে আমরা এই প্রকল্পটির অনুমোদন দিয়েছিলাম। তারপর জোট সরকারের পাঁচ বছর এবং তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর গেছে, কিন্তু এ বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়নি। আর শুধু এই প্রকল্প নয়, সিরাজগঞ্জ ৪৫০ মেগাওয়াট, মেঘনাঘাট-২-এর ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রসহ আরও অনেক প্রকল্প বাস্তবায়নে তারা কোনো উদ্যোগ নেয়নি। অথচ এসব প্রকল্প আমরা প্রস্তুত করে রেখেছিলাম। শুধু প্রয়োজন ছিল কার্যাদেশ দেওয়ার। কিন্তু তারা তা দেয়নি।’বিগত জোট সরকারের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তারা বিদ্যুতের উৎপাদন বৃদ্ধিতে যেমন কোনো পদক্ষেপ নেয়নি, তেমনই গ্যাসের উৎপাদন বৃদ্ধির জন্য নতুন রিগ ক্রয়, গ্যাস অনুসন্ধান, কূপ খনন ও উৎপাদন বৃদ্ধি—এসব বিষয়েও কোনো পদক্ষেপ নেয়নি।বিদ্যুৎ-ঘাটতি পরিস্থিতি মোকাবিলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নতুন পরিকল্পনার আওতায় ২০১৫ সালের মধ্যে নয় হাজার ৪২৬ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছি। এ পরিকল্পনার আওতায় ২০১০ সালের মধ্যে ৭৯২, ২০১১ সালে ৯২০, ২০১২ সালে এক হাজার ৩৯৬, ২০১৩ সালে এক হাজার ৯৭৫, ২০১৪ সালে এক হাজার ৭৭০ এবং ২০১৫ সালে দুই হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়নাধীন আছে। এর পাশাপাশি সৌরবিদ্যুৎ ও বায়ুবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও আমরা নিয়েছি।’বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এ এস এম আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মুহাম্মদ এনামুল হক, সংসদ সদস্য সুবেদ আলী ভূঁইয়া প্রমুখ।উল্লেখ্য, চাঁদপুরে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র থেকে ২০১২ সালের জুলাই মাস থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হবে।ভোলার জনগণ উপযুক্ত জবাব দিয়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোলা-৩ আসনের নির্বাচন নিয়ে বিরোধীদলীয় নেত্রী অনেক কথা বলেছেন। ভোলার জনগণ তাঁর সেসব কথার উপযুক্ত জবাব দিয়েছে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের প্রার্থীরা যত ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার চেয়ে ভোলায় আমাদের প্রার্থী অনেক বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তিনি গতকাল বিকেলে চাঁদপুর আউটার স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলব। কারণ, ওই সময় আমরা বাংলাদেশের সুবর্ণজয়ন্তী পালন করব। সেই লক্ষ্যে আমরা দেশের প্রত্যন্ত উপজেলা ও এলাকায় ডিজিটাল-সুবিধা পৌঁছে দিচ্ছি। ক্ষমতা বিকেন্দ্রীয়করণও করা হচ্ছে।প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রীকে উদ্দেশ করে বলেন, তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের বাঁচানোর জন্য বহুবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এখন আন্দোলনের ডাক দিয়ে যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন। তিনি বলেন, চাঁদপুরে রিয়েল টেকনোলজি ইনস্টিটিউট তৈরি করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় স্থাপন, বিনোদনের জন্য শিশুপার্ক নির্মাণ, চাঁদপুর প্রেসক্লাবের উন্নতি, চাঁদপুর-শরীয়তপুর রুটে উন্নত ফেরি চলাচল এবং নদীভাঙনের কবল থেকে রক্ষার জন্য নদীতে ড্রেজিংয়ের ব্যবস্থাও নেওয়া হবে।জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল হক ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীর, এম রফিকুল ইসলাম প্রমুখ।রাজনৈতিক বিশ্বাসের ঊর্ধ্বে উঠে কাজ করার নির্দেশ: বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণে রাজনৈতিক বিশ্বাসের ঊর্ধ্বে উঠে কাজ করার জন্য সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।তিনি বলেন, জনস্বার্থে সরকারের নেওয়া প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি, দুর্নীতি ও অস্বচ্ছতা মেনে নেওয়া হবে না। শেখ হাসিনা গতকাল দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।