ভারত নেপাল ভুটান চীনকে ট্রানজিট দিতে বিবেচনা করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আঞ্চলিক সংযুক্তি এশিয়ার প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে সহায়ক প্রমাণিত হলেও এশিয়ার অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সহযোগিতার গতি অনেকটাই মন্থর। তবে সাম্প্রতিক বাংলাদেশ সরকারের গ্রহণ করা কিছু পদক্ষেপ মন্থর সেই ধারায় গতি সঞ্চারে সহায়ক হবে। এসব পদক্ষেপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারত, নেপাল, ভুটান ও চীনকে ট্রানজিট-সুবিধা দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের বিবেচনার বিষয়টি।প্রবৃদ্ধি, টেকসই উন্নয়ন ও নাগরিক-সুবিধা সম্প্রসারণ বিষয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড অব গভর্নরসের সেমিনারে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এশীয় উন্নয়ন ব্যাংকের ৪৪তম বার্ষিক সম্মেলনের অংশ হিসেবে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে গতকাল বুধবার এই উন্মুক্ত সেমিনারের আয়োজন করা হয়।ভারত, বাংলাদেশ, ফ্রান্স ও স্বাগতিক দেশের অর্থমন্ত্রীরা সেমিনারে বক্তব্য দেন। আরও বক্তব্য দেন এশীয় উন্নয়ন ব্যাংকের সভাপতি এবং জাপান ও চীনের অর্থনীতিবিষয়ক উপমন্ত্রীরা।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এশিয়ার উন্নয়নশীল বিভিন্ন দেশকে দ্রুত নগরায়ণজনিত ভয়াবহ সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। পল্লি অঞ্চল ছেড়ে মানুষ অর্থনৈতিক সুবিধার খোঁজে নগরমুখী হওয়ায় বাড়তি জনসংখ্যার চাপ নগর অবকাঠামোর পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, এই সমস্যা মোকাবিলায় পল্লি অঞ্চলগুলোতে কর্মসংস্থানসহ নানা সুযোগ-সুবিধা ও সেবা প্রদানব্যবস্থা সম্প্রসারণ করতে হবে।ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বলেন, ভারতে এখনো তিন কোটি মানুষ বিদ্যুৎ-সুবিধা থেকে বঞ্চিত। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নগরায়ণের সুষ্ঠু ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে খাদ্যঘাটতি পূরণে কৃষি খাতে প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।সেমিনারের প্রশ্নোত্তর পর্বে দুর্নীতি বন্ধে এশিয়ার রাষ্ট্রগুলোর করণীয় প্রসঙ্গটি উঠে আসে। সেমিনারের সঞ্চালক বিবিসির নিক গাওয়িং নাগরিক সমাজের পক্ষ থেকে ন্যায়পাল নিয়োগে এক ব্যক্তির চালানো সংগ্রাম ও এর সাফল্যের বিষয়টি ভারতের অর্থমন্ত্রীকে স্মরণ করিয়ে দেন। পরিবর্তিত এই সময়ে জনতার দাবিতে সরকার কীভাবে সাড়া দিচ্ছে, সে বিষয়ে তাঁর কাছে জানতে চান।জবাবে প্রণব মুখার্জি বলেন, সমাজে যাঁরা প্রভাবশালী, তাঁদের দুর্নীতি বন্ধের পথ হিসেবে ন্যায়পাল নিয়োগের নতুন ধারণাকে ভারত সরকার স্বাগত জানায়। কীভাবে এই নিয়োগ দেওয়া হবে, নাগরিক সমাজের প্রতিনিধিত্বকারী বিভিন্ন গোষ্ঠী ও অন্যদের সঙ্গে আলোচনা করে তা নির্ধারণ করা হবে বলে তিনি জানান।বাংলাদেশের অর্থমন্ত্রী দুর্নীতি বন্ধে আইনগত দিক থেকে নেওয়া পদক্ষেপ এবং এসবের বাস্তবায়নে দেখা দেওয়া ত্রুটির কথা উল্লেখ করে বলেন, সরকারের সিদ্ধান্ত গ্রহণ-প্রক্রিয়াকে স্বচ্ছ করে তোলার পাশাপাশি সরকারি-বেসরকারি খাতের মধ্যকার পরামর্শ ও দুর্নীতি প্রতিরোধে টাস্কফোর্স গঠনের মধ্য দিয়ে আইন ও উদ্যোগের মধ্যে বিরাজমান ফারাক দূর করা সম্ভব।