ভারত-নেপালকে দুই সমুদ্রবন্দর ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে: নৌপরিবহনমন্ত্রী
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ভারত ও নেপালকে দেশের দুই সমুদ্রবন্দর চট্টগ্রাম ও মংলা ব্যবহার করতে দেওয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এতে একদিকে যেমন দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে, অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে। আজ শনিবার সকালে পাটুরিয়া ঘাট পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহনমন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী বলেন, আগামী ঈদের সময় যাত্রীদের ভোগান্তি কমাতে ফেরি সচল রাখার জন্য নদীপথ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া সময় ও খরচ বাঁচানোর জন্য যানবাহন পারাপারে পাটুরিয়ার ফেরিবহরে ইউটিলিটি ফেরি যুক্ত করা হবে। ইতিমধ্যে দুটি ইউটিলিটি ফেরি নির্মাণ করা হয়েছে। নদীতে যখন স্রোত থাকবে না তখন এসব ফেরি চলাচল করবে। মন্ত্রী যানবাহন পারাপারে বিআইডব্লিউটিসির বুকিং কাউন্টারে অনিয়মের কথা স্বীকার করে বলেন, এসব অনিয়ম ও চাঁদাবাজি বন্ধে তিনটি শ্রমিক সংগঠনকে যুক্ত করে ঘাটে সিরিয়াল দেওয়ার পরিকল্পনা আছে।