ভারত-পাকিস্তান শান্তি আলোচনার প্রক্রিয়ায় ‘উৎসাহিত’ যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু হওয়ায় যুক্তরাষ্ট্র ‘উৎসাহিত’ বোধ করছে। তিনি বলেন, ওয়াশিংটন সব সময় ভারতের পাশে থাকবে।যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বেসামরিক পরমাণু সহযোগিতার বিষয়ে বিরাজমান সমস্যাগুলোর সমাধান প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।ভারত সফররত হিলারি গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে বৈঠকের পর নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। বৈঠকে পাকিস্তান ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা এবং যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। তিনি পাকিস্তানকে উদ্দেশ করে বলেন, দেশটিতে জঙ্গিরা যেসব নিরাপদ আস্তানা তৈরি করেছে সেগুলোকে অবশ্যই গুঁড়িয়ে দিতে হবে।গত সপ্তাহে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ২০ জন নিহত হয়। ২০০৮ সালে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা। ওই হামলায় ১৬৬ জন নিহত হয়। এ ঘটনায় পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জড়িত দাবি করে ভারত প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধ করে দেয়। সম্প্রতি দুই দেশের মধ্যে আবারও শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী সপ্তাহেই ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।যৌথ সংবাদ সম্মেলনে হিলারি বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। এতে আমরা উৎসাহিত বোধ করছি। আমরা মনে করি, দুই দেশের মধ্যে এটা “সর্বোচ্চ প্রতিশ্রুতির দৃষ্টিভঙ্গি”, যা পারস্পরিক আস্থা বাড়াবে।’যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় ২০০৮ সালে। কিন্তু পরমাণু দুর্ঘটনার ক্ষেত্রে কোম্পানিগুলোর দায়বদ্ধতা ও ক্ষতিপূরণে ভারতের কঠোর আইনের কারণে ঝুলে থাকা মতপার্থক্যগুলোর সুরাহা হয়নি।মার্কিন কর্মকর্তারা ভারতের আইনকে অন্য দেশগুলোর একই ধরনের আইনের তুলনায় অনেক বেশি কঠোর বলে উল্লেখ করেন। এ প্রসঙ্গে হিলারি বলেন, ‘বেসামরিক পরমাণু চুক্তির সুফল পেতে আমাদের বিরাজমান মতপার্থক্যগুলো দূর করতে হবে।’হিলারি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও কাজ করতে হবে। সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে পাকিস্তানকে গুরুত্বপূর্ণ মিত্র উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা পাকিস্তানি নেতৃত্বকে বুঝিয়েছি, সন্ত্রাসীরা সবার জন্য হুমকি। পাকিস্তানেই বেশি হামলা চালাচ্ছে সন্ত্রাসীরা।’গত সোমবার রাতে তিন দিনের সফরে নয়াদিল্লি পৌঁছান হিলারি। রাতেই তিনি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা শিবশঙ্কর মেননের সঙ্গে সাক্ষাৎ করেন। গতকাল তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে বৈঠক করেন। এএফপি, বিবিসি, রয়টার্স।