ভারত-পাকিস্তান শান্তি উদ্যোগে ভূমিকা পালনে রাজি ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ভারত ও পাকিস্তানের কাছ থেকে অনুরোধ এলে দুই দেশের মধ্যে শান্তি উদ্যোগে তিনি যেকোনো ভূমিকা পালনে রাজি আছেন। ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যকার সম্পর্ককে চলতি শতাব্দীর অন্যতম ‘চরিত্র নিরূপণকারী’ সম্পর্ক হিসেবে অভিহিত করেছেন ওবামা। গতকাল সোমবার ভারত সফরের শেষ দিনে রাজধানী নয়াদিল্লিতে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।বিকেলে ভারতীয় পার্লামেন্টের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে ভারতের দাবির পক্ষে সমর্থন দেওয়ার ঘোষণাও দেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতকে একটি বিশ্বশক্তি হিসেবে স্বীকৃতি দিয়ে বারাক ওবামা বলেন, ‘বিশ্বে প্রায়ই গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, যার কারণে বিভিন্ন দেশের মধ্যে সংঘাত ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে এ দুটো বিষয় সমুন্নত রাখতে আমাদের দুই দেশ একসঙ্গে কাজ করে যাবে। বিশ্বে স্থিতিশীলতা ও অগ্রগতি অব্যাহত রাখতেও এক-সঙ্গে কাজ করবে ভারত ও যুক্তরাষ্ট্র।’ভারত-পাকিস্তান সম্পর্ক প্রসঙ্গে ওবামা বলেন, ‘আমরা মনে করি, ভারত ও পাকিস্তান দুই পক্ষেরই এই অঞ্চলে উত্তেজনা প্রশমনে স্বার্থ রয়েছে। দুই দেশের মধ্যকার সমস্যাগুলোর সমাধানে যুক্তরাষ্ট্র কোনো সমাধান চাপিয়ে দিতে পারে না। দুই পক্ষের কাছে যথাযথ মনে হয় এমন যেকোনো ভূমিকা পালন করতে পারলে আমরা খুশি হব।’১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভ করার পর কাশ্মীর নিয়ে বিরোধ শুরু হয়। এই সমস্যা সমাধানে পাকিস্তান বরাবর তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চেয়ে আসছে, কিন্তু ভারত বরাবরই তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপের বিরোধী।মনমোহন সিং বলেন, কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে সম-অংশীদারির ভিত্তিতে সম্পর্ক আরও দৃঢ় করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন ও দিল্লি। তিনি বলেন, ‘ওবামাও আমার সঙ্গে একমত প্রকাশ করেছেন, রক্ষণশীলতার বিষয়টি দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের চরিত্রের অন্যতম নির্ণায়ক এবং ভারত আমেরিকার চাকরি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে না।’পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘ইসলামাবাদের সঙ্গে সব সমস্যা মিটিয়ে ফেলতে আগ্রহী নয়াদিল্লি। কিন্তু পাকিস্তানের ভেতরে যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসী তৎপরতা অব্যাহত থাকবে, ততক্ষণ তাদের সঙ্গে আলোচনা করা সম্ভব নয়।’ ওবামা বলেন, ‘বিশ্বের দুটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে, মুক্ত অর্থনীতির ক্রমবর্ধমান বাজার হিসেবে, বৈচিত্র্য, বহুত্ববাদ ও সহনশীল সমাজব্যবস্থার ধারক হিসেবে আমাদের শুধু সুযোগ নয় বরং দায়িত্বও রয়েছে। তাই আমি মনে করি, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার সম্পর্ক চলতি শতাব্দীর অন্যতম “চরিত্র নিরূপণকারী” সম্পর্ক হিসেবে প্রতিষ্ঠিত হবে।’এদিকে গতকাল বিকেলে ভারতীয় পার্লামেন্টের এক যৌথ অধিবেশনে ভাষণে নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ পাওয়ার দাবির পক্ষে ওবামা তাঁর সমর্থন জানান। তিনি বলেন, ভারত স্থায়ীভাবে নিরাপত্তা পরিষদের সদস্য হলে পরিষদের কার্যক্রম আরও ত্বরান্বিত করা সম্ভব হবে। ওবামা মিয়ানমারের পরিস্থিতি নিয়ে ভারতের নীরবতারও সমালোচনা করেন।ওবামা আরও বলেন, ‘পাকিস্তান সন্ত্রাসীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সে দেশের সরকারের আরও কঠোর অবস্থান নেওয়া উচিত।’ মুম্বাই হামলায় জড়িতদের বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানান তিনি।এই ভাষণের পরপরই পাকিস্তানের পক্ষ থেকে এক বিবৃতিতে ভারতের পক্ষে ওবামার সমর্থনের বিরোধিতা করা হয়। পাকিস্তান বলেছে, ভারত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেলে তা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য ইতিবাচক হবে না।নয়াদিল্লিতে পৌঁছার পর রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ওবামা দম্পতিকে স্বাগত জানানো হয়। পরে তাঁরা মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।ওবামার এই সফরে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কৃষি, স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানি এবং কারিগরি সহায়তা বিষয়ে ছয়টি চুক্তি স্বাক্ষরিত হয়। এ ছাড়া নয়াদিল্লির সঙ্গে এক হাজার কোটি ডলারের একটি নতুন বাণিজ্য চুক্তিরও ঘোষণা দেন ওবামা।গতকাল রাতে দিল্লির রাষ্ট্রপতি ভবনে ওবামা দম্পতির সৌজন্যে নৈশভোজের আয়োজন করেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।এদিকে কলকাতা প্রতিনিধি জানান, প্রেসিডেন্ট ওবামার সফরের প্রতিবাদে ভারতের বিভিন্ন বামপন্থী দল গতকাল সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে। পার্লামেন্টের যৌথ অধিবেশন বয়কট করেছে বামপন্থী ফরোয়ার্ড ব্লক। মাওবাদীরা ওবামার সফরের প্রতিবাদে গতকাল ২৪ ঘণ্টার বন্ধ্ ডাকে। পশ্চিমবঙ্গে বাম দলের কর্মীরা ওবামার কুশপুত্তলিকা দাহ করেন। এ ছাড়া ভূপালে রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যস ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষতিগ্রস্তরাও গতকাল নয়াদিল্লিতে বিক্ষোভ সমাবেশ করে। সিপিএমের কেন্দ্রীয় নেতারা জানান, তাঁরা ওবামার ভারত সফরের বিরোধী নন, তঁরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তির বিরোধিতা করছেন। প্রতিবাদ করছেন মার্কিন নীতির। এপি, বিবিসি, এএফপি।