ভারত-পাকিস্তান সংঘাতের নেপথ্য
কাশ্মীরের বিভক্তকারী রেখা ধরে ভারত ও পাকিস্তানের সেনারা আবার সমবেত হয়েছে। প্রচণ্ড শীতেও উত্তপ্ত হয়ে উঠেছে ভূস্বর্গ কাশ্মীর। এক বুড়ি মায়ের পাহাড় থেকে গড়িয়ে পড়া আর সে সুবাদে নতুন চৌকি গড়ার উদ্যোগ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখাকে আবারও রক্তক্ষয়ী করে তুলেছে।রয়টার্স বলছে, গত এক সপ্তাহে দু পক্ষের চারজন সেনা নিহত হয়েছেন। ২০০৩ সালে দেশ দুইটি যুদ্ধবিরতি চুক্তি করে। কিন্তু এরপরও হিমালয়জুড়ে ৭৪০ কিলোমিটার দীর্ঘ আঁঁকাবাঁকা রেখা বরাবর গোলাগুলি ও মর্টার ছোড়া থেমে থাকেনি। তবে গত নয় বছরে এটাই সবচেয়ে বড় চুক্তিভঙ্গ। এ অঞ্চলে দুটি সেনাবাহিনীই স্নাইপার বন্দুক (যা দিয়ে দূরবীনের সাহায্যে বহুদূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়) ও অ্যাসল্ট রাইফেল (প্রাণঘাতী বন্দুক) ব্যবহার করে।ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার গুরমিত কানওয়াল বলেন, ‘এখনও দুই পক্ষ চোখ রাঙাচ্ছে। লোকজন সেনা চৌকি থেকে বেরোতেও পারছে না। একপক্ষ পানি নেওয়ার জন্য বের হলে আরেক পক্ষ গুলি ছোড়া শুরু করে।’দেশ দুইটি ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে। তখন থেকেই চলছে এ সংঘাত। কাশ্মীরিদের চাওয়া-পাওয়ার দিকে দৃষ্টি না দিয়ে ভারত ও পাকিস্তান কাশ্মীরকে দুই ভাগ করে দখল করে রেখেছে। ১৯৪৮ সালের নিয়ন্ত্রণ রেখা তাদের দখলি ভূমিকে পৃথক করেছে। তবে ১৯৪৮ সালের পর দখল বাড়তে দেশ দুটির মধ্যে দুই দফা যুদ্ধও হয়ে গেছে। নিয়ন্ত্রণ রেখা ধরে সেনা মোতায়েন করা আছে দু দেশেরই। কোথাও কোথাও দেশ দুটির সেনা চৌকির মধ্যে দূরত্ব মাত্র ৫০ মিটার। সমতলেও এ রেখা আছে। সেখানে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। দু পক্ষের রেষারেষি এতই প্রবল যে, যদি একপক্ষ শান্তি চুক্তির শর্ত ভাঙে, তবে আরেক পক্ষও সে সুযোগ নেয়। এক পক্ষে সেনা শত্রুদের গুলিতে মারা যাওয়ার অর্থ হলো, শত্রু পক্ষের সেনাও নিশ্চিতভাবে কয়েকদিনের মধ্যে মারা পড়বে।গত সপ্তাহের সংঘাতের মূল উত্স রেশমা বাই নামের ৭০ বছর বয়সী এক নারী। দ্য হিন্দু জানায়, ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের উরি এলাকার চারোন্ডা গ্রামে ছিল তাঁর বাস। তাঁর ছেলে ও নাতি-নাতনিরা থাকতেন পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর। ছেলে-পুলেদের সাথে দেখা করতে তিনি হয়তো ব্যাকুল হয়ে উঠেছিলেন। তাই গত বছরের সেপ্টেম্বর মাসে তিনি পাহাড় থেকে গড়িয়ে পাকিস্তানে নামেন। এর পর ভারতের সেনারা সীমান্তের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন এবং ওই এলাকায় নতুন চৌকি স্থাপনের কাজ শুরু করেন। চারোন্ডার অধিবাসী রিয়াজ আহমেদ রয়টার্সকে জানান, রেশমা বাই লুকিয়ে পাকিস্তানে ঢোকার পরপরই চৌকি নির্মাণ শুরু হয়। তবে ঘটনা দুটোর মধ্যে কোন যোগসূত্র আছে কিনা, তা তিনি নিশ্চিত নন।রিয়াজ বলেন, পাকিস্তানি সেনারাও ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে থাকে। লাউড স্পিকারে তাঁরা ভারতের সেনাদের কাজ বন্ধের দাবি জানায়। কয়েকদিন ধরে তাঁদের ওই ঘোষণা চলতে থাকে। পাকিস্তানের কথা ছিল, যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী কোন পক্ষই নিয়ন্ত্রণ রেখার ৫০০ মিটারের মধ্যে স্থাপনা তৈরি করতে পারে না। তাই ভারত চুক্তি ভাঙছে। কিন্তু ভারতের কথা ছিল, সেনা চৌকিটি গ্রামমুখী, নিয়ন্ত্রণ রেখামুখী নয়। তাই এতে দোষের কিছু নেই। দিল্লিতে এক সেনা কর্মকর্তা বলেন, ‘আমরা নিশ্চয়ই আমাদের নিরাপত্তার ব্যবস্থা করব। যখন আমরা কাঁটাতারের বেড়া নির্মাণ করছিলাম, তখন তাঁরাও তাই করেছিল।’ রিয়াজ জানান, এক সময় ঘোষণা বন্ধ করে পাকিস্তানিরা গুলি চালায়।ভারতীয় কর্তৃপক্ষ সে সময় দাবি করেছিল, পাকিস্তানিরা তিন গ্রামবাসীকে গুলি করে হত্যা করেছে। এর পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করতে থাকে। গত রোববার ওই সীমান্তে এক পাকিস্তানি সেনা নিহত হন। ইসলামাবাদ দাবি করে, হত্যাকাণ্ডের জন্য ভারতের সেনারা দায়ী। কিন্তু, নয়া দিল্লি নিয়ন্ত্রণ রেখা পেরোনোর কথা অস্বীকার করে। তবে দু পক্ষের মধ্যে যে গুলি বিনিময় হয়েছে, তা স্বীকার করে নেওয়া হয়।এর দুদিন পর মেন্দর এলাকার গভীর বনে দুজন ভারতীয় সেনা মারা যান। ভারত বলে, পাকিস্তান ওই সেনাদের হত্যা করেছে। ভারতীয় সেনাবাহিনীর স্থানীয় অধিনায়ক ব্রিগেডিয়ার জয়ন্ত কে তিওয়ারি বলেন, নিহত সেনাদের শিরশ্ছেদ করা হয়েছিল।গত বৃহস্পতিবার আবারও উত্তেজনা তৈরি হয়। এদিন পাকিস্তান জানায়, তাঁর এক সেনা নিহত হয়েছেন।ভারতের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কানওয়াল বলেন, ‘নিয়ন্ত্রণ রেখাটি খোলা। এর কোন দেয়াল বা পিলার নেই। তাই দখলের জন্য লড়াই চলতেই থাকে।’পাকিস্তানের এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আশা করছেন, ঘটনা বেশি দূর এগোবে না। ‘দু দেশের মধ্যে হটলাইনে কথা হবে। এতে সমস্যার সমাধানও হবে। এটা খুব বড় মহলের সংঘাত নয়, ছোটখাট একটা ঝামেলা।’২০০৮ সালে মুম্বাইয়ের সন্ত্রাসী হামলার পর কাশ্মীরে দু পক্ষের মধ্যে সংঘাতের পরিমাণ বেড়েছে। গত বছর মোট ১১৭ বার যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ হয়েছে। ২০১১ সালে এ সংখ্যা ছিল ৬১ এবং ২০১০ সালে তা ছিল ৫৭।অধিকাংশ সময় সীমানা নিয়ে সংঘাত হয় নিয়ন্ত্রণ রেখার দক্ষিণ অংশে। ভারত বলছে, এ এলাকা দিয়ে পাকিস্তান জঙ্গিদের ভারতের ভেতরে ঢোকানোর চেষ্টা করে।ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন বলেন, ‘যুদ্ধবিরতি ভাঙার হার বাড়ছে। অবৈধ অনুপ্রবেশও বাড়ছে। পাকিস্তানি কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে এর একটা বিহিত করতে হবে।’তবে পাকিস্তান ভারতের অভিযোগ অস্বীকার করেছে। গত সপ্তাহে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী হিনা রব্বানি খার বলেছেন, পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি বজায় রাখতে বদ্ধপরিকর।তবে পাকিস্তানের নিয়ন্ত্রিত অংশে গ্রামবাসীর উদ্বেগ বাড়ছে। কোটলি এলাকার বাসিন্দা নাভিদ চৌধুরী বলেন, ‘গতকাল দেখলাম সেনা সদস্যরা গাড়ি নিয়ে ছুটোছুটি করছে। এটা ভালো লক্ষণ নয়। আমাদের উদ্বেগ বাড়ছে।’