প্রতিরোধের মার্চ : বিদেশি পত্রিকায় ’৭১ ১৯৭১-এর শুরু থেকেই বিদেশি গণমাধ্যম বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে। এতে বিশ্বজনমত তৈরি হয়েছে বাংলাদেশের পক্ষে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ৩১টি পত্রিকায় প্রকাশিত এমন কিছু সংবাদ, সম্পাদকীয় ও রাজনৈতিক বিশ্লেষণের বিবরণ থাকছে এই মার্চে দ্য লিবিয়ান টাইমস
ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি ঘটছে প্রতি ঘণ্টায়
মস্কো (এপি-ইউপিআই): পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের বিশেষ দূত এম আরশাদ হুসেইন গতকাল সোভিয়েত প্রধানমন্ত্রী আলেক্সি কোসিগিনের সঙ্গে বৈঠক করেছেন। সরকারি ঘোষণায় বলা হয়েছে, মস্কোতে কর্মরত পাকিস্তানি রাষ্ট্রদূতও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।পাঁচ দিন আগে আরশাদ হুসেইন মস্কোতে পৌঁছেছেন। পূর্ব পাকিস্তানের সমস্যা এবং ভারত-পাকিস্তানের মধ্যে বিস্ফোরণোন্মুখ পরিস্থিতি নিয়ে সোভিয়েত কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য ইয়াহিয়া খানের দূত হিসেবে তাঁর এ সফর। তাসখন্দ আলোচনায় (১৯৬৫) মধ্যস্থতাকারী হিসেবে কোসিগিন ভারত ও পাকিস্তানের মধ্যকার সর্বশেষ প্রধান দ্বন্দ্বের অবসান ঘটান। শুক্রবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পূর্ব পাকিস্তানের গণযুদ্ধ সম্পর্কে সোভিয়েত নেতার দ্বিতীয় চিঠিটি ইয়াহিয়া খানের হাতে পৌঁছেছে।এরই মধ্যে ভারত ও পাকিস্তান ঢাকা ও কলকাতায় নিজ নিজ ডেপুটি হাইকমিশন বন্ধ করে দিয়েছে; কিন্তু নিজেদের কর্মকর্তা-কর্মচারী এবং দলিল-দস্তাবেজ পূর্ণ নিরাপত্তার সঙ্গে কেমন করে ফিরিয়ে আনবে, সে বিষয়ে মতৈক্যে পৌঁছাতে পারেনি।উপমহাদেশের প্রতিবেশী দুই দেশের মধ্যে ঘণ্টায় ঘণ্টায় সম্পর্কের অবনতি ঘটছে এবং দুই সরকার একের পর এক প্রতিবাদলিপি পাঠিয়ে চলেছে। পাকিস্তানের অনুরোধে একটি দ্বিপক্ষীয় ব্যবস্থার মাধ্যমে দুটি কূটনৈতিক মিশনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার কলকাতায় স্বাভাবিক দায়িত্ব পালন করতে পারছিলেন না বলে ভারতকে জানানো হয়।কার্যত কলকাতায় পাকিস্তানের ডেপুটি হাইকমিশনের স্বাভাবিক কার্যক্রম ১৮ এপ্রিল থেকেই বন্ধ। তখন পূর্ব পাকিস্তানি বিদ্রোহী কূটনীতিবিদেরা কলকাতা অফিসকে বাংলাদেশ সরকারের প্রথম বৈদেশিক মিশন হিসেবে ঘোষণা দেন।ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে পাকিস্তান সরকার কলকাতায় সে দেশের ডেপুটি হাইকমিশনের সব কর্মকর্তা-কর্মচারীকে পাকিস্তানে ফেরত পাঠানোর অনুরোধ জানায়।প্রকৃতপক্ষে সেখানে কর্মরত ১০০ জনের মধ্যে ৭০ জনই পূর্ব পাকিস্তানের বিদ্রোহী কূটনীতিক।ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, কলকাতায় পাকিস্তানি মিশনে কর্মরত সবাইকে ফেরত পাঠানোর যুক্তি ভারত অবশ্যই মেনে নেবে না। তিনি বলেন, যারা যেতে চায় যাবে, কিন্তু ভারত ছাড়ার জন্য অন্যদের ওপর বল প্রয়োগ করা হবে না।মুখপাত্র বলেন, একইভাবে ভারত সরকারও ঢাকা থেকে ভারতীয় কূটনীতিক ও তাঁদের কর্মচারীদের মধ্যে যাঁরা ভারতে আসতে চান, কেবল তাঁদের ফেরত পাঠানোর ওপরই জোর দিচ্ছে।এ মিশনের দলিল-দস্তাবেজ কেমন করে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে হবে, তা-ও দুই দেশকেই ঠিক করতে হবে। পাকিস্তান জোর দিয়ে বলেছে, পারস্পরিকতার নীতি (প্রিন্সিপাল অব রেসিপ্রসিটি) কঠোরভাবে মানতে হবে।কূটনৈতিক স্নায়ুযুদ্ধের সর্বশেষ খবর হচ্ছে, পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় ভারতীয় মিশনের এবং কলকাতায় পাকিস্তানি মিশনের পদগুলোর আনুষ্ঠানিক বিলুপ্তির ঘোষিত চূড়ান্ত সময় পার হয়ে গেছে। (৪ মে ১৯৭১ প্রকাশিত)অনুবাদ: এম এ মোমেন