ভারত-পাকিস্তান সীমান্ত সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্তে আজ রোববার সকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। এতে পাকিস্তানের এক সেনা নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্তে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় চলছে। বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে দাবি করা হয়েছে, দুই দেশকে বিভক্তকারী ‘লাইন অব কন্ট্রোল’ অতিক্রম করে একটি তল্লাশিচৌকিতে আজ সকালে অভিযান চালিয়ে এক সেনাকে হত্যা করে ভারতীয় বাহিনী। এ সময় আরেক পাকিস্তানি সেনা গুরুতর আহত হন।অন্যদিকে, ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তানের ছোড়া মর্টারে ভারত অংশে অবস্থিত একটি বাড়ি গুঁড়িয়ে যায়। এর জবাব দিতেই পাল্টা হামলা চালিয়েছে ভারত। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ব্রিজেস পান্ডে দাবি করেছেন, পাকিস্তানি সেনারাই এ হামলায় উসকানি দিয়েছেন। আজ সকালে ভারতের একটি সেনাচৌকি লক্ষ্য করে মর্টার হামলা ও গুলি চালান পাকিস্তানি সেনারা। এতে ওই সীমান্তে অবস্থিত একটি বেসামরিক বাড়ি গুঁড়িয়ে যায়। এর জবাবে ভারত পাল্টা হামলা চালায়। পাল্টা হামলায় ক্ষুদ্রাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন পান্ডে।২০০৩ সাল থেকে সীমান্তে যুদ্ধবিরতি মেনে আসছে ভারত ও পাকিস্তান। মাঝেমধ্যে তারা একে-অন্যের বিরুদ্ধে সীমান্তে মর্টার হামলা ও গুলি চালানোর অভিযোগ তোলে। তবে সীমান্ত লঙ্ঘনের ঘটনা বিরল।