ভারত-পাকিস্তান সীমান্তে উদ্বেগ ছড়াল বাজপাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাজস্থানের ভারত-পাকিস্তান সীমান্তের কাছাকাছি একটি জায়গায় ক্যামেরাযুক্ত একটি মৃত বাজপাখি খুঁজে পেয়েছেন। ভারতের এক সামরিক কর্মকর্তা আজ সোমবার বলেন, এ ঘটনার পর ভারত-পাকিস্তান সীমান্তের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ‘দ্য ডন’ জানায়, রাজস্থানের পশ্চিমে জয়সালমির শহরের কাছাকাছি একটি জায়গায় ওই পাখিটি পাওয়া যায়। ওই স্থানে সেনাসদস্যরা নিয়মিত কুচকাওয়াজ ও প্রশিক্ষণে অংশ নিয়ে থাকেন।বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাত্কারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘পাখিটির সঙ্গে কিছু বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং একটি অ্যান্টেনা সংযুক্ত ছিল।’ ওই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাখিটি গোয়েন্দাকাজে নিয়োজিত ছিল। তবে এর সঙ্গে সংযুক্ত ক্যামেরাটি তেমন অত্যাধুনিক ছিল না, আর এ কাজটি পাকিস্তানিরা করতে পারে।কর্মকর্তাটি বলেন, ‘গুপ্তচরবৃত্তির কাজটি পাকিস্তান করেছে, এ রকম ধারণা প্রাথমিক পর্যায়ে এবং এখনো প্রমাণিত হয়নি। তবে তদন্ত শুরু হয়েছে।’ ২০১০ সালে ভারতীয় পুলিশ গুপ্তচরবৃত্তির অভিযোগে একটি ঘুঘু আটক করেছিল। পাঞ্জাবের স্থানীয় পুলিশ সদস্যরা জানান, সাদা রঙের পাখিটির পায়ে একটি রিং পরানো ছিল। এ ছাড়া, পাখিটির গায়ে লাল রং দিয়ে পাকিস্তানের একটি ঠিকানা ও একটি টেলিফোন নম্বর লেখা ছিল।