ভারত পেয়েছে বেশি জমি, বাংলাদেশ পেয়েছে কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বাংলাদেশের সঙ্গে ভারতের স্থলসীমান্ত চুক্তি নিয়ে প্রটোকল স্বাক্ষর বিষয়ে বলেছেন, এতে ভারত পেয়েছে বেশি জমি, বাংলাদেশ পেয়েছে কম। ভারতের ভাগে পড়েছে এক হাজার ২৪০ একর জমি, আর বাংলাদেশের হাতে গিয়েছে ৩৫৭ দশমিক ৫ একর জমি। লাভবান হয়েছে আসাম।ভারতের রাজধানী নয়াদিল্লির আসাম ভবনে গত শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তরুণ গগৈ এসব কথা বলেন। তিনি বলেন, এর ফলে দুই দেশের জনবিন্যাসে কোনো সমস্যা হবে না। জনসংখ্যা এখনো যা আছে, তা-ই থাকবে। কোনো ভারতীয়কে বাংলাদেশে যেতে হবে না কিংবা কোনো বাংলাদেশিকে ভারতে আসতে হবে না।ভারত-বাংলাদেশ চুক্তি নিয়ে বিরোধীদের আপত্তির জবাবে তরুণ গগৈ বলেন, এতে আসাম লাভবানই হয়েছে। সীমান্ত সমস্যা মিটেছে। আসাম কোনো জমি হারায়নি। বাংলাদেশের কাছে আসামের কোনো জমিও ‘উপহার’ দেওয়া হয়নি। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরকালে দুই দেশের মধ্যে ’৭৪-এর মুজিব-ইন্দিরা সীমান্ত নির্ধারণ চুক্তির আলোকে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়। আসামের বিরোধী দল অসম গণপরিষদ (অগপ) ও বিজেপি এর বিরোধিতা এবং মুখ্যমন্ত্রী তরুণ গগৈর সমালোচনা করে আসছে। তারা বলছে, এতে আসামের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে। অগপ ও বিজেপি ইতিমধ্যে রাজ্যে বিক্ষোভ দেখিয়েছে। গুয়াহাটিতে মশাল মিছিল করেছে ছাত্র সংগঠন আসু।মুখ্যমন্ত্রী বলেন, ‘বিরোধীরা আমার সমালোচনা করছেন। কিন্তু আমি খুশি এই ভেবে যে চিরকালের জন্য সীমান্ত সমস্যার সমাধান হলো।’ তিনি বলেন, অগপর আমলে রাজ্যের বাংলাদেশ সীমান্তে যে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু হয়, তাকে এখনো অনুসরণ করে চলেছে তাঁর সরকার। অন্যদিকে উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়ার প্রত্যর্পণ প্রসঙ্গে তরুণ গগৈ বলেন, বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি সম্পাদনের পরই এ সমস্যা মিটে যাবে।