তিস্তা চুক্তি না হওয়ার পরিপ্রেক্ষিতে ভারত ও বাংলাদেশের সম্পর্ককে নতুনভাবে দেখা প্রয়োজন বলে অভিমত দিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান। একই সঙ্গে তিস্তাসহ অন্যান্য যৌথ নদীর পানির ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।গতকাল বুধবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ক্লাবের আয়োজনে ‘তিস্তার পানি চুক্তি: অর্থনৈতিক প্রভাব’ শীর্ষক এক মতবিনিময় সভায় আকবর আলি খান বক্তব্য দেন। তিনি এতে বলেন, ভারত ও বাংলাদেশ যৌথভাবে তিস্তা নদীর উজানে পানি ধরে রাখার ব্যারাজ নির্মাণ করবে এমন শর্ত যুক্ত করে চুক্তি করতে হবে। এই নদীর স্রোত ব্যবহার করে যৌথভাবে বিদ্যুৎ উৎপাদনের শর্ত যুক্ত করারও প্রস্তাব করেন তিনি। সভায় সূচনা বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত। তিনি বলেন, বর্ষায় আসা পানি সারা বছর ধরে রাখার ব্যবস্থা করতে হবে, যাতে শুষ্ক মৌসুমে দুই দেশই লাভবান হয়।তিস্তা চুক্তির খসড়ায় নদীর প্রাকৃতিক পরিবেশ ঠিক রাখতে ২০ শতাংশ পানি নদীর মধ্যেই ধরে রাখার শর্ত রয়েছে উল্লেখ করে আইনুন নিশাত বলেন, জাতিসংঘের নদীসংক্রান্ত আইন মেনে এটা করা হয়েছে। এতে দুই দেশ লাভবান হওয়ার পাশাপাশি নদীটিও বেঁচে থাকবে। তিস্তা ব্যারাজের সুবিধা পেতে হলে ব্যারাজ এলাকায় আমন ধান চাষ করার পরামর্শ দেন তিনি।যৌথ নদীবিষয়ক চুক্তির ক্ষেত্রে শুধু সেচের কথা চিন্তা না করে নৌ-পরিবহনের বিষয়টিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাক ইলাহী চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের নৌ-পরিবহনমন্ত্রী যতটা না নৌ-পরিবহন নিয়ে চিন্তা করেন, তার চেয়ে বেশি ট্রাকচালকদের লাইসেন্স নিয়ে কথা বলেন।’