ভারত বাক স্বাধীনতা ও মতামত হরণ করতে পারে না, আদালতে গুগল
আপত্তিকর লেখা ও ছবির কারণে গুগলসহ ২১টি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ভারতে ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছে। দিল্লি হাইকোর্ট এই ওয়েবসাইটগুলোকে সতর্ক করে বলেছেন, অবিলম্বে ওয়েবসাইট থেকে আপত্তিকর ছবি ও লেখা সরিয়ে ফেলতে হবে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা না নিলে চীনের মতো ভারতেও এসব ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হবে বলেও দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে।আদালতের এই সতর্কতার পরিপ্রেক্ষিতে গুগল ইন্ডিয়ার আইনজীবী এন এন কাউল গতকাল সোমবার আদালতে বলেছেন, ব্লক করে দেওয়া বা ওয়েবসাইট বন্ধ করে দেওয়া কোনো সমাধান হতে পারে না। ভারত একটি গণতান্ত্রিক দেশ ভারতের সঙ্গে চীনের তুলনা হতে পারে না। তিনি আরও বলেন, ‘বিষয়টি বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের সাংবিধানিক অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট। কারও বাক স্বাধীনতা ও মতামত হরণ করা যায় না। এই একটি ব্যাপারই গণতান্ত্রিক ভারতকে স্বৈরতান্ত্রিক চীন থেকে আলাদা করেছে।’সাংবাদিক বিনোদ রাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুরেশ কুমার ফেসবুক, গুগল, ইয়াহুসহ ২১টি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটকে সমন জারির নির্দেশ দিয়েছেন। নির্দেশে বলা হয়েছে, আগামী ১৩ মার্চের মধ্যে ওই ২১টি সাইটকে আদালতে হাজিরা দিয়ে তাদের বক্তব্য পেশ করতে হবে। গুগল ইন্ডিয়া ও ফেসবুক নিম্ন আদালতের এই সমন জারির বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছে।