ভারত ভ্রমণে সতর্কতা জারি ইতালির
ইতালি তার নাগরিকদের ভারত ভ্রমণের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। এ জন্য ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নাগরিকদের উদ্দেশে এক সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে। ভারতের মাটিতে ইতালির দুই সেনার বিচারকে কেন্দ্র করে সম্প্রতি দেশ দুটির মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে, তার জের ধরে ইতালি এ নির্দেশনা দিয়েছে।রয়টার্স আজ রোববার জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্ক বার্তায় নাগরিকদের ভারত ভ্রমণে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এ ছাড়া ভারত ভ্রমণের সময় পর্যটকদের আচার-আচরণে সতর্ক হতে এবং জনসমাবেশ থেকে দূরে থাকতে বলা হয়েছে। ইতালির দুজন নৌসেনা সমুদ্রে দায়িত্বরত অবস্থায় দুজন ভারতীয় মত্স্যজীবীকে জলদস্যু ভেবে গুলি করে হত্যা করেন। এ কাজকে অপরাধ বিবেচনা করে ভারত ওই দুই সেনার বিচার করছিল। সম্প্রতি এ সেনারা ভারতের সুপ্রিম কোর্ট থেকে দেশে যাওয়ার অনুমতি লাভ করেন। ভারতে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে ও ইতালির সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করে তাঁরা সুপ্রিম কোর্ট থেকে অনুমতি আদায় করেছিলেন। গত ২২ ফেব্রুয়ারি তাঁরা ইতালিতে যান। সে সময় ভারতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ড্যানিয়েল মানচিনি এ মর্মে হলফনামা দিয়েছিলেন, ওই দুই ইতালীয় সেনা নির্দিষ্ট সময়ের মধ্যেই ভারতে ফিরবেন।গত সোমবার ইতালি জানায়, দুই সেনাকে তারা আর ভারতে পাঠাবে না। রোম থেকে এক ঘোষণায় বলা হয়, মাসিমিলিয়ানো লাতোরি ও সালভাতোর গিরোনি নামের ওই দুই নৌসেনা ইতালিতে থাকবেন। গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমুদ্র উপকূলে দুজন ভারতীয় জেলেকে হত্যার দায়ে তাঁরা অভিযুক্ত। তাঁরা অবশ্য দাবি করেন, জলদস্যু ভেবে তাঁরা ওই দুই জেলেকে গুলি করেন।এর পরিপ্রেক্ষিতে ভারতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মানচিনিকে ভারত না ছাড়ার আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। দুই মেরিন সেনা দেশে গিয়ে কেন ফিরে আসেননি, রাষ্ট্রদূতের কাছে তা-ও জানতে চেয়েছেন তিনজন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ। রাষ্ট্রদূতকে ১৮ মার্চের মধ্যে নোটিশের জবাব দিতে বলেছেন আদালত। এ ছাড়া ভারতে অবস্থানরত ইতালির রাষ্ট্রদূতের দেশ ছেড়ে যাওয়া প্রতিহত করতে দেশটির বিমানবন্দরে সতর্কতা জারি করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।এর আগে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ইতালির এ আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ভারত জানিয়েছে, ইতালির সঙ্গে সম্পর্কের বিষয়টি পর্যালোচনা করে দেখছে দিল্লি।