ভারত যুদ্ধবাজ!
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ভারতকে ‘যুদ্ধবাজ’ বলে অভিহিত করেছেন। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিনি এ মন্তব্য করেন। আজ বুধবার ভারতের ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে। কয়েক দিন ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গতকাল মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে ‘স্বাভাবিক সম্পর্ক চলতে পারে না’। মনমোহন সিংয়ের এ প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে ভারত সম্পর্কে হিনা রাব্বানি এমন মন্তব্য করলেন।হিনা রাব্বানি দাবি করেন, তাঁর দেশ শান্তি ও বন্ধুত্বের আদর্শ। তিনি আরও দাবি করেন, ‘আমি আনন্দিত যে আমরা কথা বা কাজে কোনো প্রতিক্রিয়া দেখাইনি।’ চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তানের মধ্যে আলোচনার ওপর জোর দেন হিনা।গত সপ্তাহে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কয়েক দফা গুলিবিনিময় হয়। এ সময় উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, তাদের এক সেনার শিরশ্ছেদ করে নিয়ে গেছে পাকিস্তানি সেনারা।