ভারত রায়ের অপেক্ষায়: পঙ্কজ শরণ
ঢাকায় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বলেছেন, সমুদ্রসীমা নিয়ে ভারত-বাংলাদেশের বিরোধের বিষয়টি এখন আন্তর্জাতিক আদালতে বিচারাধীন। তাই এ বিষয়ে ভারত এখন আন্তর্জাতিক আদালতের রায়ের অপেক্ষায়।আজ সোমবার হোটেল রূপসী বাংলায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজ শেষে পঙ্কজ শরণ সাংবাদিকদের এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এই ভোজসভার আয়োজন করে।এর আগে একই বিষয়ে ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী এম মানগাপতি পাল্লাম রাজু বলেন, সমুদ্রসীমার বিরোধ-সংক্রান্ত বিষয়টি আন্তর্জাতিক আদালতে বিচারাধীন। এই বিচার প্রক্রিয়ার প্রতি ভারতের পূর্ণ শ্রদ্ধা রয়েছে।মুক্তিযুদ্ধে অবদানের জন্য ভারতীয় মিত্রবাহিনীর পক্ষে সম্মাননা গ্রহণ করতে পাল্লাম রাজু বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বাংলাদেশ মিত্রবাহিনীকে সম্মান দেখাচ্ছে, সে জন্য আমরা কৃতজ্ঞ।’উপমহাদেশের সমস্যা সম্পর্কে পাল্লাম রাজু বলেন, সন্ত্রাস এ অঞ্চলের দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু তার চেয়েও বড় চ্যালেঞ্জ অর্থনীতি। এ অঞ্চলের সমৃদ্ধির জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নতি ঘটাতে হবে।বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সমস্যা সম্পর্কে পাল্লাম রাজু বলেন, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে গেছেন। সুতরাং সামনের দিনগুলোতে অনেক অমীমাংসিত বিষয়ের সমাধান হবে বলে আশা করা যায়।