ভারত শিগগিরই বাংলাদেশে চাল পাঠাবে: প্রণব মুখার্জি
ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বলেছেন, যত দ্রুত সম্ভব বাংলাদেশে চাল সরবরাহ শুরু হবে। ভারত সফররত বাংলাদেশের একটি মিডিয়া প্রতিনিধিদল গতকাল সোমবার রাতে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করতে গেলে তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, ‘ভারত তার প্রতিশ্রুতি পূরণে আপসহীন...আমরা প্রয়োজনে সব সময় বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।’ খবর বাসসের।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে ঐতিহাসিক উল্লেখ করে প্রণব বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত যৌথ ইশতেহার দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা হবে। এ চুক্তি বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঢাকার সঙ্গে পরামর্শ করে সময়সীমা ঠিক করা হবে। পরে প্রতিনিধিদল পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গেও বৈঠক করে।কৃষ্ণা বলেন, ‘ভারত বাংলাদেশকে যেকোনো ধরনের সহযোগিতা করতে ইচ্ছুক। ভারতের রাজনৈতিক সদিচ্ছা সম্পূর্ণভাবেই বাংলাদেশের পক্ষে।’কৃষ্ণা আরও বলেন, ‘উন্নয়নের জন্য সব সময় রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন। ভারত এ অঞ্চলে স্থিতিশীলতা চায়।’ বাংলাদেশের প্রতিনিধিদলে রয়েছেন সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন, বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ইহসানুল করিম, সংবাদ সম্পাদক আলতামাস কবীর, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর উপসম্পাদক সাজ্জাদ শরীফ, চ্যানেল আইর পরিচালক (নিউজ) শাইখ সিরাজ, সাপ্তাহিক একপক্ষ সম্পাদক মাসুদা ভাট্টি, এটিএন নিউজের সিইও ও প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম।