ভারত-শ্রীলঙ্কা ফাইনালে যত রেকর্ড
দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ভারত। অস্ট্রেলিয়া চারবার ও ওয়েস্ট ইন্ডিজ দুবার, পাকিস্তান ও শ্রীলঙ্কা একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। টানা দুটি বিশ্বকাপ ফাইনালে হারল শ্রীলঙ্কা। বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ রান তাড়া করে জিতল ভারত। এর আগে ১৯৯৬ বিশ্বকাপে শ্রীলঙ্কা জিতেছিল অস্ট্রেলিয়ার ২৪১ রানকে অতিক্রম করে। মাহেলা জয়াবর্ধনের সেঞ্চুরিটা বিফলেই গেল। এই প্রথম বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারলেন না কোনো খেলোয়াড়। অপরাজিত ১০৩ রান জয়াবর্ধনের ১৪তম ওয়ানডে সেঞ্চুরি। বিশ্বকাপে ৩টি সেঞ্চুরি করে ভাগ বসিয়েছেন জয়াসুরিয়ার শ্রীলঙ্কান রেকর্ডে। গৌতম গম্ভীর (৯৭) বিশ্বকাপের ফাইনালে নড়বড়ে নব্বইয়ে আউট হওয়া প্রথম ব্যাটসম্যান। ওয়ানডেতে সব মিলিয়ে ৭৯তম ও ১১তম ভারতীয় হিসেবে ৪০০০ রান করলেন গৌতম গম্ভীর। ৪৪তম ব্যাটসম্যান হিসেবে ৬০০০ রানের মাইলফলক পেরোলেন মহেন্দ্র সিং ধোনি। ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ৩৫০তম ওয়ানডে খেললেন মুত্তিয়া মুরালিধরন। ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথম টানা ৩টি মেডেন দিয়ে শুরু করলেন জহির খান। বিশ্বকাপে ভারতের পক্ষে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডে জাভাগাল শ্রীনাথের সঙ্গী হলেন জহির খান। জহির ২৩ ম্যাচে ৪৪ আর শ্রীনাথ ৩৪ ম্যাচে ৪৪টি উইকেট পেয়েছেন। পরশু দুই উইকেট নিয়ে বিশ্বকাপের এক আসরে ৩০০ রান এবং ১৫ উইকেট পাওয়া একমাত্র অলরাউন্ডার হয়েছেন যুবরাজ সিং। সব ওয়ানডে টুর্নামেন্ট মিলিয়ে রেকর্ডটি গ্রেগ চ্যাপেলের। ১৯৮০/৮১ মৌসুমে বেনসন অ্যান্ড হেজেস বিশ্ব সিরিজে ১৪ ম্যাচে ৬৮৬ রান ও ২২টি উইকেট পেয়েছিলেন এই অস্ট্রেলিয়ান।