ভারত সফর শতভাগ সফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভারত সফরকে ‘শতভাগ সফল’ হিসেবে বর্ণনা করে বলেছেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। শীর্ষ বৈঠকে যে যৌথ ঘোষণা বা সিদ্ধান্ত হয়েছে, তাতে শুধু এই দুই দেশেরই নয়, নেপাল-ভুটানসহ উপমহাদেশের সাধারণ ও দরিদ্র মানুষেরও কল্যাণ হবে।প্রধানমন্ত্রী ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে গতকাল বুধবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের এসব কথা বলেন। প্রধানমন্ত্রী দেশে ফিরেই মন্ত্রিসভার সদস্য, সাংসদ ও দলীয় নেতাদের ভারত সফর সম্পর্কে অবহিত করেন।বিমানবন্দর থেকে যমুনা, বিপুল গণসংবর্ধনা: ভারত সফর শেষে দেশে ফেরার পর বিমানবন্দরে কনকনে ঠান্ডায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন ও বিপুল গণসংবর্ধনা দেওয়া হয়। গতকাল বিকেল পৌনে পাঁচটায় বিমানবন্দরে অবতরণ করার পর ভিভিআইপি টার্মিনালে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, তিন বাহিনীর প্রধানেরা, পুলিশ প্রধান ও কূটনৈতিক কোরের প্রধান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী টার্মিনালের অভ্যর্থনা কক্ষে অপেক্ষমাণ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা, উপদেষ্টা পরিষদের সদস্য, মন্ত্রিসভার সদস্য, সাংসদ এবং নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। সেখানে দলের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় করতালিতে মুখর হয়ে ওঠে গোটা কক্ষ। প্রধানমন্ত্রীর সঙ্গে ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব ববি ও তাঁর স্ত্রী পেপপি ছিলেন। সফর সফল হওয়ায় প্রধানমন্ত্রীকে দলীয় নেতা-কর্মীরা বিপুলভাবে সংবর্ধনা দেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী বিমানবন্দর থেকে বনানী রেলক্রসিং এবং বিজয় সরণি থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনা পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিকেল সাড়ে তিনটা থেকেই আনন্দ মিছিল নিয়ে রাজপথে জড়ো হতে থাকেন। তাঁরা হাতে ফুল, ব্যানার, পোস্টার, জাতীয় পতাকা ও প্রধানমন্ত্রীর ছবি নিয়ে রাস্তার দুই পাশে অবস্থান নেন। ঢোল, বাদ্য-বাজনা নিয়ে নেতা-কর্মীরা উল্লাস করেন। ট্রাকে-বাসে করে শিল্পীরা সংগীত পরিবেশ করেন। অনেকে খোলা ট্রাকে নেচে-গেয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তীব্র শীত উপেক্ষা করে বিকেল পাঁচটার মধ্যেই গোটা বিমানবন্দর এলাকা হাজারো মানুষে পরিপূর্ণ হয়ে যায়। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো উপলক্ষে বিমানবন্দর অভিমুখী জনতার ভিড়ে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী সাংবাদিকদের জানান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মদিন ভারত ও বাংলাদেশ একসঙ্গে উদ্যাপন করবে বলে সিদ্ধান্ত হয়েছে।পুরস্কারের অর্থ ট্রাস্টে দেওয়ার ঘোষণা: প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পাওয়ার কথা উল্লেখ করে বলেন, ‘এই পুরস্কার আমার নয়, এটা দেশের জনগণের।’ পুরস্কারের অর্থ বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে দান করার ঘোষণা দেন তিনি। মন্ত্রিসভার সদস্য ছাড়াও দলীয় নেতাদের মধ্যে বিমানবন্দরে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আব্দুল জলিল, সুরঞ্জিত সেনগুপ্ত, ওবায়দুল কাদের, আবদুল মান্নান, মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।