ভারত সফরে পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ সোমবার ভারত পৌঁছেছেন। বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরের মে মাসে পুনরায় প্রেসিডেন্ট হওয়ার পর এটাই পুতিনের প্রথম ভারত সফর। তাঁর এই সফর দীর্ঘ দিনের মিত্র ভারত ও রাশিয়ার সম্পর্কে নতুন করে গতি আনবে বলে মত দিয়েছেন বিশ্লেষকেরা।রুশ প্রেসিডেন্টের ভারত সফরে অস্ত্র চুক্তির বিষয়টি প্রাধান্য পাবে বলে দুই দেশের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। রাশিয়ার অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ভারত।সফরের প্রাক্কালে পুতিন বলেছেন, ‘ভারতের সঙ্গে গভীর বন্ধুত্ব ও সহযোগিতাই আমাদের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য।’পুতিন বলেন, ‘ভারত ও রাশিয়া আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্বশীল নেতৃত্ব ও যৌথ পদক্ষেপের উদাহরণ সৃষ্টি করেছে।’রাশিয়ার সামরিক শিল্পের সূত্রগুলো বলছে, পুতিনের ভারত সফরে দেশ দুটির মধ্যে ৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের যুদ্ধবিমান এবং বিমানের ইঞ্জিন বিক্রির চুক্তি হতে পারে। ক্রেমলিন বলেছে, ভারতের সঙ্গে বেশ কয়েকটি সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি হতে পারে বলে তারা আশা করছে। এ সফরের সময় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী মনমোহন সিং ও দেশটির জ্যেষ্ঠ আইনপ্রণেতাদের সঙ্গে সাক্ষাত্ করবেন পুতিন।