ভারত সফরে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ
বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।সফরের কর্মসূচি অনুযায়ী ২৩ অক্টোবর ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত হাট চুক্তি এবং দুই দেশের মধ্যে ট্রাক চলাচলের জন্য ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ (এসওপি) স্বাক্ষরিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।বাণিজ্য মন্ত্রণালয় ও এফবিসিসিআই সূত্রে জানা গেছে, ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের বাজারে নিষিদ্ধ বাংলাদেশি পণ্যকে তালিকা থেকে বাদ দেওয়া, ভারত থেকে তুলা আমদানি ও ভারতে পাটের ব্যাগ রপ্তানির ক্ষেত্রে জটিলতা দূরীকরণ, বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ ও ভারতে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি এবং দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি হ্রাসকরণ-সংক্রান্ত আলোচনা হবে। এ ছাড়া প্রতিনিধিদল ভারতের বাণিজ্যমন্ত্রী, ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারাসহ বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে সাক্ষাত্ করবে। প্রতিনিধিদলে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, জাতীয় রাজস্ব বোর্ড, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও বিএসটিআইয়ের সাতজন সরকারি কর্মকর্তা এবং অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের ১৬ জন ব্যবসায়ী প্রতিনিধি আছেন।ব্যবসায়ী নেতাদের মধ্যে এ কে আজাদ, আনিসুল হক, আবদুল মাতলুব আহমাদ, এম এ মোমেন, আবদুল হাই সরকার, এম এ রশিদ ভূঁইয়া, ফারুক হোসেন, এ এইচ আসলাম সানী, নেছার মাকছুদ খান প্রমুখ উল্লেখযোগ্য। ২৪ অক্টোবর প্রতিনিধিদল দেশে ফিরবে। ইউএনবি