ভারতই জেতাল শ্রীলঙ্কাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইডিয়া কাপে প্রথমবারের মতো বহু প্রার্থিত সেই দ্বৈরথ। সরাসরি রানের হিসাবে অনুবাদ করলে যেটিতে তিলকরত্নে দিলশান ৭ রানে জয়ী। বীরেন্দর শেবাগ ৪২। দিলশান ৪৯।ট্রফির যুদ্ধের বৃহত্তর প্রেক্ষাপটে শেবাগ-দিলশানের খণ্ড লড়াইয়ের উত্স কিছুদিন আগে রাজকোটে রানবন্যার ওই ম্যাচ। এর সঙ্গে গত কিছুদিন ইনিংসের শুরুতে দিলশানেরও শেবাগীয় ব্যাটিং করতে থাকা।তারপরও শেবাগ-দিলশানটাকে মিডিয়ার একটা ভিন্ন দৃষ্টিকোণ খুঁজে নেওয়ার চেষ্টা বলতেই পারেন। তবে ধোনি-সাঙ্গাকারা লড়াইটা তা নয়। ক্রিকেট অধিনায়কের খেলা। তাঁরা দুজন শুধু যুযুধান দুই অধিনায়কই নন, ক্রিকেটার হিসেবেও একই গোত্রের।দুজনই উইকেটকিপার-ব্যাটসম্যান। অ্যাডাম গিলক্রিস্টের বিদায়ের পর ওই জায়গাটাতে বিশ্বসেরার স্বীকৃতি নিয়ে অলিখিত একটা লড়াইও বোধহয় আছে দুজনের। কালকের ফাইনালে আক্ষরিক অর্থেই দুজন প্রতিপক্ষ। তা ধোনি-সাঙ্গাকারা লড়াইয়ে জিতল কে?সাঙ্গাকারা। এবং লড়াইটা শেবাগ-দিলশানের মতো অত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণও হয়নি। ধোনি ১৪, সাঙ্গাকারা ৫৫।সরাসরি লড়াই তো নয়। তবে সাঙ্গাকারা বাড়তি তৃপ্তি অনুভব করতে পারেন এই ভেবে যে, ধোনিকে অত কম রানে থামিয়ে দেওয়ায় তাঁরও ভূমিকা আছে। ধোনির ক্যাচটি নিয়েই ওয়ানডেতে তিন শ ডিসমিসালের মাইলফলক ছুঁলেন শ্রীলঙ্কান অধিনায়ক। তাঁর আগে যা ছুঁয়েছেন মাত্র দুজন—গিলক্রিস্ট (৪৭২) ও মার্ক বাউচার (৪১৪)। দুই খণ্ড লড়াইয়ের দুটিতেই দুই শ্রীলঙ্কানের জয় ম্যাচের ফলাফলে প্রতিফলিত না-ও হতে পারত। সেটিও হলো। ৪ উইকেটে জিতে শ্রীলঙ্কা শুধু আইডিয়া কাপই দেশে নিয়ে গেল না, ভারতের সঙ্গে ফাইনাল-লড়াইয়েও এগিয়ে গেল এক ধাপ।সেটি চূড়ান্ত হলো ঘড়ির কাঁটা যখন রাত ১০টা ছুুুঁইছুঁই। অনেকেই অবশ্য বলবেন, তখন কেন, দুপুর দেড়টাতেই তো মীমাংসা হয়ে গেছে শিরোপার। যখন ধোনির সঙ্গে সবচেয়ে ‘বড়’ লড়াইটাতে জিতেছেন কুমার সাঙ্গাকারা। টস!শুরু থেকে শেষ পর্যন্ত টুর্নামেন্টটা আশ্চর্য এক ধারাবাহিকতা অনুসরণ করে গেল। আগের ছয় ম্যাচের মতো ফাইনালেও জিতল পরে ব্যাটিং করা দল। ব্যাপারটা ফাইনালের দুদলের মনে এমনভাবে গেঁথে ছিল যে, সেটিই বোধ হয় হয়ে দাঁড়াল নির্ধারক। টুর্নামেন্টজুড়ে পরে ব্যাটিং করা দলের জয়ের ব্যাখ্যা হয়ে এসেছে শিশির। যে ব্যাখ্যার সারমর্ম, শিশিরভেজা বলে বোলাররা এমনই অসহায় যে, ওয়ানডেতে এমনিতেই অসম ব্যাট-বলের লড়াইটা তখন আরও বেশি একতরফা হয়ে যায়। কিন্তু ফাইনালে হারের জন্য ভারত শিশিরকে দায়ী করলে সেটি ‘নন্দ ঘোষ’বিষয়ক প্রবাদটা মনে করিয়ে দেবে সবাইকে।ভারত তো ম্যাচটা হারল ব্যাটসম্যানদের অবিমৃশ্যকারিতায়। ২৪৫ রানের পুঁজি নিয়েও ভারতীয় বোলাররা যে লড়াইটা করলেন, তাতে শেবাগ-ধোনিরাও নিশ্চয়ই নিজেদের কৃতকর্মের কথা ভেবে আরও অনুশোচনায় ভুগেছেন। দ্বিতীয় ওভারেই কুঁচকিতে চোট পেয়ে আশীষ নেহরাকে মাঠের বাইরে যেতে হওয়ায় ভারতকে খেলতে হলো একজন বোলার কম নিয়ে। ওভার-নির্ধারিত ম্যাচে এই ভয়াবহ আঘাতের পরও শ্রীলঙ্কাকে ৪৯তম ওভার পর্যন্ত আটকে রাখা থেকেই পরিষ্কার, ভারতের রানটা আরেকটু বেশি হলে কাল হতো ‘শিশির-তত্ত্বের’ মৃত্যুর দিন।শিশিরের কারণে ব্যাপারটা পূর্বনির্ধারিতই ছিল। তবে শিশির-টিশিরের ব্যাপার না থাকলেও কালকের টসজয়ী দলের চোখ বুজে বোলিং নেওয়ার কথা। কনকনে শীত, মেঘলা আকাশ—সুইং বোলিংয়ের জন্য আদর্শ পরিবেশ। প্রেসবক্সে রসিকতাও হলো, এ তো দেখি ইংলিশ কন্ডিশন!একাদশ ওভার আসতে না-আসতেই ভারতের ৫ উইকেটে ৬০ হয়ে যাওয়ায় অবশ্য ওই কন্ডিশনের বিন্দুমাত্র ভূমিকা নেই। বিচিত্র সব উপায়ে আউট হলেন ভারতীয় ব্যাটসম্যানরা, তবে একটা জায়গায় সবাই এক—‘মরিবার হলো তাঁর সাধ!’আগের চার ম্যাচে ১৩৬.৫০ গড়ে ২৭৩ রান করা বিরাট কোহলি অফ স্টাম্পের অনেক বাইরের বলে ব্যাট এগিয়ে দিয়ে কট বিহাইন্ড। ধোনিও অনেকটা সেভাবেই। দুঃস্বপ্নের টুর্নামেন্টটিকে চরমতম দুঃস্বপ্নের রূপ দিয়ে যুবরাজ শূন্য রানে আউট। এরও আগে, ম্যাচের মাত্র তৃতীয় বলটি গৌতম গম্ভীরের থাই প্যাডে লেগে ভেঙে দিয়েছে স্টাম্প। এর কোনো কিছুই তাঁকে স্পর্শ করছে না ভঙ্গিতে খেলে যাওয়া শেবাগও যোগ দিলেন সেই আত্মহত্যার মিছিলে। যে কুলাসেকারার চার বলে তিন চারের প্রথমটিতে পূর্ণ করেছিলেন ওয়ানডেতে সাত হাজার রান; তাঁরই অফ স্টাম্পের বাইরে লাফানো বলটিতে আপার কাট করতে গেলেন নাকি সাঙ্গাকারাকে ক্যাচিং প্র্যাকটিস করাতে—বলা কঠিন।এরপর ভারতের জন্য লড়াইটা হয়ে দাঁড়াল ফাইনালটিকে চরম একতরফা হওয়ার হাত থেকে বাঁচানো। সেটি সম্ভব হয়েছে সুরেশ রায়না ও রবীন্দ্র জাদেজার ১০৬ রানের জুটিতে। ৪৪তম ওভারে রায়নার সেঞ্চুরি, সেটির পর তাঁর উদ্যাপনটা একটু বাড়াবাড়ি মনে হতেই পারত কারও কাছে। ৪৪তম ওভারে দল তখন ৭ উইকেটে ২১৫। রায়নার ওই উদ্যাপনের কারণটা ব্যক্তিগত। ২০০৮ সালে এশিয়া কাপে তিন ম্যাচে দুটি সেঞ্চুরি করেছিলেন। ৩৬ ইনিংস পর তাঁর ওয়ানডে সেঞ্চুরি, তার ওপর এমন পরিস্থিতিতে। একটু উদ্বেল তো তিনি হবেনই।ভারত যেমন উদ্বেল হয়েছিল, তৃতীয় বলেই নেহরা উপুল থারাঙ্গাকে আউট করে দেওয়ার পর। তৃতীয় বলে প্রথম উইকেট—দুদলের ইনিংসে মিলটা এখানেই শেষ। দিলশান-সাঙ্গাকারার ৯৩ রানের জুটি শুরুর এই ধাক্কা সামলাল। এর পর মাহেলা জয়াবর্ধনের ‘হঠাত্ হাওয়ায় ভেসে আসা ধন’-এর মতো সুযোগটা কাজে লাগানোর প্রতিজ্ঞায় ভাস্বর অপরাজিত ৭১ রান শ্রীলঙ্কাকে নিয়ে গেল জয়ের বন্দরে।ম্যাচটা অবশ্য শেষ হয়ে গেছে আরও আগেই। না, দুপুর দেড়টার টসে নয়। ম্যাচের প্রথম ঘণ্টায় ভারতের ওই পাগুলে ব্যাটিংয়ে!