ভারতকে আলোচনার আহ্বান হিনার
কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণরেখায় চলমান উত্তেজনা হ্রাসে আলোচনার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। তাঁর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়। দুই দেশের সেনা অভিযান-বিষয়ক শীর্ষ কর্মকর্তারা এক বৈঠকে সীমান্তে উত্তেজনা কমাতে একমত হওয়ার পর হিনা এই আহ্বান জানালেন। আজ বৃহস্পতিবার বিবিসির অনলাইনের প্রতিবেদনে এ কথা জানানো হয়।কাশ্মীর সীমান্তে গত সপ্তাহে পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ, তাদের দুই সেনাকে হত্যা করেছে পাকিস্তানি সেনারা। এ অভিযোগ নাকচ করে পাকিস্তানি সেনা দাবি করেছে, দুটি ঘটনায় তাদের তিন সেনা ভারতীয় সেনাদের গুলিতে নিহত হয়েছে।গতকাল হিনা রাব্বানি খারের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘পাল্টাপাল্টি মন্তব্য করে সীমান্তের উত্তেজনা উসকে না দিয়ে দুই পক্ষের উচিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি শ্রদ্ধা রেখে নিয়ন্ত্রণরেখার সব বিষয় নিয়ে আলোচনা করা।’হিনার বিবৃতির বরাত দিয়ে একটি বার্তা সংস্থা জানায়, সীমান্তে সংঘর্ষের ঘটনা ‘প্রশ্নের জন্ম দিয়েছে’ এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের মাধ্যমে এই সংঘাত নিরসনে প্রস্তুত পাকিস্তান। হিনা রাব্বানি খারের এ আহ্বানের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত।