‘ভারতকে করিডর দেওয়ার ষড়যন্ত্র’ বন্ধের দাবিতে গতকাল শুক্রবার ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পর্যন্ত রোডমার্চ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।আয়োজকেরা জানান, গতকাল সকাল পৌনে নয়টায় ঢাকার কারওয়ান বাজার থেকে এই রোডমার্চ শুরু হয়। প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি জানান, ঢাকার শনির আখড়ায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে বেলা ১১টায় গাড়িবহর নরসিংদী পৌঁছায়। সেখানে জেলখানা মোড়ে একটি পথসভার আয়োজন করে জেলা বিএনপি ও ছাত্রদল।পথসভায় সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ‘তিস্তার পানি আমাদের অধিকার, ট্রানজিট ভারতের আবদার। অধিকার আর আবদার এক হতে পারে না। তাই ভারতের অনৈতিক আবদারের প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছি।’সমাবেশে পেশাজীবী পরিষদের সদস্যসচিব এ জেড এম জাহিদ হোসেন, নরসিংদীর জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল বাছেদ ভূঞা, জেলা বিএনপির নেতা সুলতান উদ্দিন মোল্লা, শফিকুল ইসলাম, ছাত্রদলের নেতা নজরুল ইসলাম ভূঞা, আবদুর রউফ ফকির প্রমুখ বক্তৃতা করেন। নিজস্ব প্রতিবেদক, ভৈরব জানান, বেলা সাড়ে ১১টায় গাড়িবহর আশুগঞ্জ পৌঁছালে বিএনপির স্থানীয় নেতারা তাঁদের স্বাগত জানান। এরপর আশুগঞ্জ গোলচত্বর এলাকায় সমাবেশ করেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা উকিল আবদুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক শওকত মাহমুদ অভিযোগ করেন, ‘আমাদের সরকার ভারতকে ট্রানজিট দিচ্ছে। আর ভারত সরকার বাংলাদেশের ক্ষতি হবে এমন কাজ করছে।’আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, বেলা সাড়ে তিনটার দিকে রোডমার্চের প্রায় ১০০টি গাড়ি আখাউড়া স্থলবন্দর থেকে দেড় কিলোমিটার দূরে সীমান্তবর্তী গাজীর বাজারে পৌঁছায়। সেখানে স্থানীয় বিএনপি একটি সমাবেশের আয়োজন করে।উপজেলা বিএনপির সভাপতি মুসলেহ উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান বলেন, ‘ভারত টিপাইমুখে বাঁধ দিয়ে আমাদের পানিতে মারতে চাইছে। অথচ আখাউড়ার তিতাস নদীর বুকে বাঁধ দিয়ে ভারতের ট্রেইলার যাচ্ছে। আমি ওই বাঁধে একটি কোদাল দিয়ে কোপ দিয়েছি। এই নদী ও এর ওপর নির্ভর কৃষিজমি বাঁচাতে আপনারা প্রত্যেকে হাতে কোদাল নেন। ওই বাঁধ কেটে দেন। আমাদের বলুন, কবে করবেন, আমরা আসব।’বিশেষ অতিথির বক্তৃতায় সাবেক সাংসদ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান বলেন, ‘সড়ক, রেল ও নদী দিয়ে যে ট্রানজিট চলছে তাতে আখাউড়ার হাজার হাজার একর ফসলি জমি নষ্ট হবে। এতে আখাউড়ার মানুষকে না খেয়ে মরতে হবে।’আরও বক্তৃতা করেন সাংসদ শাম্মি আক্তার, সাংবাদিক শওকত মাহমুদ, রুহুল আমীন গাজী, চলচ্চিত্র ব্যক্তিত্ব চাষী নজরুল ইসলাম, কণ্ঠশিল্পী শবনম মুশতারী, প্রকৌশলী আ ন হ আক্তার হোসেন, কবি আবদুল হাই শিকদার প্রমুখ।সমাবেশের আগে রোডমার্চে যোগ দেওয়ার জন্য কিছু গাড়ি সরাইল বিশ্বরোড মোড় পার হওয়ার সময় সেগুলোর ওপর হামলা করে স্থানীয় বিএনপির একদল কর্মী। কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এই হামলা হয় বলে স্থানীয় সূত্রগুলো জানায়। সমাবেশ শেষে রোডমার্চ বহর ঢাকার উদ্দেশে রওনা হয়।পেশাজীবী পরিষদের সদস্যসচিব এ জেড এম জাহিদ হোসেন রাতে প্রথম আলোকে বলেন, ‘রোডমার্চ সফল হয়েছে। আমরা যেখানেই গেছি সেখানেই জনতা আমাদের সঙ্গে যোগ দিয়েছে।’