ভারতকে ট্রানজিট প্রদানের সিদ্ধান্ত হয়েছে: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ভারতকে ট্রানজিট-সুবিধা প্রদান একটি রাজনৈতিক সিদ্ধান্ত। আঞ্চলিক সম্পর্ক জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। খবর ইউএনবির।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ট্রানজিট ফি নির্ধারণ, অবকাঠামো নির্মাণ এবং এ-সংক্রান্ত অন্যান্য কাজ প্রক্রিয়াধীন রয়েছে।দীপু মনি জানান, ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন সফরের আগেই এই ট্রানজিট-সম্পর্কিত চুক্তির খসড়া চূড়ান্ত করা হবে। আর চুক্তিগুলো প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের সময় সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রানজিট ফি এমন হবে, যাতে কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত হবে না। একই সঙ্গে এই সুবিধা ব্যবহারকারীরা যাতে আরও উত্সাহিত হয়, সেদিকেও খেয়াল রাখা হবে।দীপু মনি বলেন, গত বছর জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরকালে একটি যৌথ ইশতেহার স্বাক্ষর করা হয়। এ সময় দুই প্রধানমন্ত্রী ট্রানজিট বিষয়ে সম্মত হন।সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রসঙ্গে দীপু মনি বলেন, বাংলাদেশি শ্রমিকদের কল্যাণে সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, সীমাবদ্ধতা সত্ত্বেও সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশিসহ সব বিদেশি শ্রমিককে আকামা (কাজের অনুমতি) পরিবর্তনের অনুমতি দিচ্ছে।